বক্স অফিস মাতাচ্ছে ‘ডক্টর স্ট্রেঞ্জ’
সাম্প্রতিক সময়ের মন্দা কাটিয়ে উঠে আবারও হলিউডি সিনেমার বাজারকে চাঙ্গা করে তুলেছে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ’। ৩৮৮২ টি হলে মুক্তি পাওয়া সিনেমাটি শুধুমাত্র শুক্রবারেই আয় করেছে ৩ কোটি ২৬ লাখ ডলার।
সব মিলিয়ে মুক্তির পর থেকে এ পর্যন্ত আয়ের অঙ্কটা দাঁড়িয়েছে ৮ কোটি ৪০ লাখ ডলারে।
লাভের অঙ্কটা দিন দিন বাড়িয়ে নিচ্ছে চার হাজারেরও বেশি হলে মুক্তি পাওয়া সিনেমা ‘ট্রলস’ও। শুক্রবারের ১ কোটি ২৩ লাখ ডলার সহ যার সর্বমোট আয় ৪ কোটি ৪০ লাখ ডলার। দুটি সিনেমাই এগিয়ে আছে মেল গিবসন এর ‘হ্যাকস রিজ’ এর চেয়ে, এখন পর্যন্ত এই সিনেমাটি ২৮৮৬ টি হল থেকে আয় করেছে ১ কোটি ৪০ লাখ ডলার।
‘ডক্টর স্ট্রেঞ্জ’ গল্প বলে শল্যচিকিৎসক স্টিফেন স্ট্রেঞ্জ-এর, ভয়াবহ এক গাড়ী দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় যার হাত। কিন্তু এই আহত হাতটিই সুস্থ হতে হতে এক অদ্ভূত ক্ষমতা অর্জন করে। ১ কোটি ৬৫ লাখ ডলারে সিনেমাটি নির্মাণ করেন স্কট ডেরিকসন, যাতে ‘স্ট্রেঞ্জ’ হিসেবে অভিনয় করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। আরও আছেন র্যাচেল ম্যাকঅ্যাডামস, চিওয়েতেল এজিওফোর, টিল্ডা সুইন্টন এবং ম্যাডস মিকেলসেন।
সম্পুর্ণ বিপরীত দুই চরিত্রের দুজন মানুষকে একসাথে যেতে হবে একটি অ্যাডভেঞ্চারে। যে অ্যাডভেঞ্চার কেন্দ্রীক নানা নাটকীয়তায় ভরপুর ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন এর ‘ট্রলস’, যাতে ভয়েস আর্টিস্ট হিসেবে কন্ঠ দেন জাস্টিন টিম্বারলেক এবং অ্যানা কেন্ড্রিক। জোনাথন আইবেল, গ্লেন বার্গার এবং এরিকা রিভিনোজা এর গল্পকে সিনেমায় রূপ দেন পরিচালক মাইক মিচেল এবং ওয়াল্ট ডর্ন।
‘হ্যাকস ব্রিজ’কে এখন থেকেই বিবেচনা করা হচ্ছে অন্যতম অস্কার প্রতিদ্বন্দ্বী সিনেমা হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে যুক্তরাষ্ট্রের সেনা চিকিৎসক ডেজমন্ড টি ডস এর গল্প নিয়ে তৈরি সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যান্ড্রু গারফিল্ড। লায়ন্সগেইট-এর প্রযোজনায় সিনেমাটির গল্প লিখেছেন অ্যান্ড্রু নাইট এবং রবার্ট শেনকান। গার্ফিল্ডের পাশাপাশি সিনেমাটিতে আর আছেন ভিন্স ভন এবং স্যাম ওরদিংটন।
পুরষ্কারের দৌড়ে এখন থেকেই এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে যে কয়টি সিনেমা নিয়ে, তাদের মধ্যে আরেকটি সিনেমা হলো জেফ নিকোলাস-এর ‘লাভিং। ফোকাস পিকচারস এবং ইউনিভার্সাল পিকচারস এর প্রযোজনা করা সিনেমাটি মুক্তি পেয়েছে মাত্র ৪ টি হলে এবং শুক্রবারে আয় করেছে ৫৫ হাজার ডলার।
ভিন্নধর্মের মানুষের মধ্যে বিয়ে নিয়ে সুপ্রীম কোর্টের এক মামলাকে ঘিরে এগোয় ‘লাভিং’ এর কাহিনী। নিক ক্রল আর মাইকেল শ্যানন এর সহ-অভিনয়ের সাথে সাথে সিনেমাটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন জোয়েল এজার্টন এবং রুথ নেগা।
সব মিলিয়ে বেশ জমজমাট একটি সপ্তাহই কাটালো হলিউড বক্স অফিস। রটেন টমেটোস-এ এখন পর্যন্ত ৯০% ফ্রেশ রেটিং ধরে রেখেছে ‘ডক্টর স্ট্রেঞ্জ’, যেখানে ‘ট্রলস’ এর রেটিং ৭৪%, ‘হ্যাকস রিজ’ এর ৮৪% এবং ‘লাভিং’ এর রেটিং ৮৯%।
আয়ের গতি ধরে রাখতে পারলে এই সপ্তাহান্তেই ডক্টর স্ট্রেঞ্জ ছাড়িয়ে যাবে ‘থর’(৬ কোটি ৫৭ লাখ) আর ‘অ্যান্ট-ম্যান’ (৫ কোটি ৭২ লাখ)-এর মতো বড়বড় অন্য সব মার্ভেল সুপারহিরো সিনেমার এর উদ্বোধনী আয়কে।
