২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন গ্লোব-এর আজীবন সম্মাননায় ভূষিত হবেন স্ট্রিপ

তাকে বলা হয় হলিউড ইতিহাসের সবচেয়ে তুখোড় অভিনেত্রীদের একজন। তিনবারের এই অস্কারজয়ী অভিনেত্রীকে এবার গোল্ডেন গ্লোব ভূষিত করতে যাচ্ছে আজীবন সম্মননায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 04:36 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

বৃহস্পতিবার গোল্ডেন গ্লোব পুরস্কার কমিটি তাদের এই সিদ্ধান্তের কথা জানায়।

হলিউড ফরেইন প্রেস অ্যাসোসিয়েশন এর সভাপতি লরেঞ্জো সোফিয়া এ ব্যাপারে বলেন, “ তিনি সবসময় শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন। সত্যিটাই সর্বদা পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন। টিভি, সিনেমা এবং মঞ্চে তিনি ছিলেন একজন জাদুকরী অভিনেত্রী।”

সোফিয়া আরও বলেন, “লিঙ্গ এবং বয়সের সীমারেখাকে ছাড়িয়ে যাওয়ার জন্যই আমরা তাকে এই পুরস্কারে ভূষিত করেছি। আমরা নিজেরাও এতে গর্বিত।”

আগামী জানুয়ারিতে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে ‘দ্য আয়রন লেডি’ খ্যাত এই অভিনেত্রীর হাতে। তার প্রজন্মের সব থেকে সেরা অভিনেত্রী হিসেবে এ পুরস্কার তুলে দেবে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ।

মেরিল স্ট্রিপ পেশাজীবি মঞ্চ অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটান ১৯৭১ সালে ‘দ্য প্লেবয় অব সেভিলের’ মাধ্যমে। ১৯৭৭ সালে টেলিভিশন চলচ্চিত্র ‘দ্য ডেডলিয়েস্ট সিজনে’ অভিষিক্ত হন। একই বছরে তিনি জুলিয়া (১৯৭৭) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারের সূচনা করেন।

‘ক্রেমার ভার্সাস ক্রেমার’ (১৯৭৯)-এর জন্য মেরিল স্ট্রিপ তার ক্যারিয়ারের প্রথম অস্কারটি জেতেন। ‘সোফি'স চয়েজ’ (১৯৮২) চলচ্চিত্রের জন্য তিনি সেরা অভিনেত্রীর অস্কার জেতেন। পরবর্তীতে ‘দ্য আয়রন লেডি’ (২০১১)-এর জন্য তৃতীয়বারের মতো অস্কার জিতে নিয়ে ইতিহাস গড়েন তিনি।