২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অগ্নি-৩’য়ে মাহির বদলে ফারিন?

‘অগ্নি-৩’ সিনেমায় মাহিয়া মাহির বদলে দেখা যাবে নতুন কোনো মুখ- এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সিনেপাড়ায়। অতিসম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নতুন অভিনেত্রী ফারিন খানের অভিষেকের ঘটনা সে গুজবের পালে হাওয়া লাগিয়েছে আরও।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 04:28 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

তাহলে কে হচ্ছেন ‘অগ্নি-৩’ এর নায়িকা? মাহি না ফারিন?

গ্লিটজ-এর এমন প্রশ্নে বেশ কৌশলী উত্তরই দিলেন জাজ-এর কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বলেন, “ ‘অগ্নি-৩’ সিনেমায় ফারিনকে ঘিরে কাহিনি তৈরি হচ্ছে কিনা সেই ব্যাপারে সিনেমার র্নিমাতা বাবা যাদব ও সিনেমায় দুই চিত্রনাট্যকার সময় মত আমাদের জানাবেন।”

এর আগে কিছুদিন আগেই গ্লিটজকে মাহিয়া মাহি জানিয়েছিলেন, তাকে ‘অগ্নি-৩’ এর প্রস্তাব এখনও দেওয়া হয়নি। তবে প্রস্তাব পেলে সানন্দে রাজি হবেন তিনি।   

তিনি বলেন, “ ‘অগ্নি-৩’য়ে অভিনয়ের জন্য আমাকে এখনও কোন প্রস্তাব করা হয়নি। যদি কখনও আমাকে এই সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব করা হয়, তাহলে আমি অবশ্যই অভিনয় করবো।”

ঢাকাই ছবির প্রথম নায়িকা র্নিভর অ্যাকশনধর্মী সিনেমা ‘অগ্নি’র দুটো কিস্তির পরিচালক হিসেবে ছিলেন ইফতেখার চৌধুরী। তবে তৃতীয় কিস্তিতে এই আসনে বসেছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব। আর অ্যাকশন দৃশ্যেরে পরিচালনা করবেন থাইল্যান্ডের অ্যাকশন ডিরেক্টর জাইকা।

দারুণ ব্যবসাসফল ‘অগ্নি’ সিরিজ দিয়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রথম দুই কিস্তিরই মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রথমটিতে মাহির নায়ক ছিলেন আরিফিন শুভ, দ্বিতীয়টিতে টালিগঞ্জের অভিনেতা ওম।

‘অগ্নি-৩’ সিনেমার চিত্রনাট্যে যৌথভাবে বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ভট্টাচার্য। সিনেমার সংগীত পরিচালনা করবেন আকাশ ও স্যাভি।