২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিওয়ালিতেই মুক্তি পাচ্ছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর মুক্তি নিয়ে সংশয়ের কালো মেঘ যেন কাটছেই না। একবার শোনা যাচ্ছে দিওয়ালিতে মুক্তি দেয়া হবে না এ ছবিটি আবার পর মুহুর্তেই শোনা যাচ্ছে অন্য কথা! ফলে কোনটি ছেড়ে কোনটি বিশ্বাস করবেন- এমন সংশয়ে পড়েছেন হিন্দি ছবির অগণিত ভক্ত ও দর্শক। তবে এবারে বোধহয় সন্দেহের সে মেঘ কাটতে চলেছে। ধার্মা প্রোডাকশন ও কারান জোহারের আত্ম-প্রত্যায়ী ও জোরালো বক্তব্য তো বলে সে কথাই!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 06:06 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

দিওয়ালিতেই মুক্তি পাওয়ার কথা ছিলো ধার্মা প্রোডাকশনের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর। কিন্তু উরি হামলার ঘটনায় উত্তপ্ত ভারত-পাকিস্তান পরিস্থিতিতে পাকিস্তানি তারকা সম্বলিত ছবি কোনো ভারতীয় হলে মুক্তি দেয়া হবে না-এমনটাই জানানো হয়েছিলো ভারতের হল মালিক ও পরিবেশক সমিতি (সিওইএআই)-এর পক্ষ থেকে। এছাড়া ফাওয়াদ খানের অংশ না কেটে এ ছবি মুক্তি দেয়া হলে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলো মহারাষ্ট নাভনির্মান সেনা (এসএনএস)।

কিন্তু ছবির কোনো অংশ কেটে বাদ দিতে রাজি হননি কারান। এমনকি মালিক সমিতির সিদ্ধান্ত নিয়েও তেমন একটা চিন্তিতও নন এ পরিচালক।

সম্প্রতি এক টুইট পোস্টে ভক্তদের উদ্দেশ্যে কারান লিখেছেন, “২৮ অক্টোবর, দিওয়ালিতে দেখা হচ্ছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে!”

ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেয়া এক সাক্ষাতকারে এ ব্যপারে আরো পরিস্কার করেই জানিয়েছেন কারান। তিনি বলে, “শুধুমাত্র মহারাষ্ট্র, গোয়া এবং গুজরাটে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মুক্তি নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। অন্যান্য হলে এটি মুক্তি দিতে তো কোনো সমস্যা দেখছি না।”

এমএনএস কিংবা শিবসেনার হুঁশিয়ারিতে তেমন একটা আমলে আনছেন না ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ধার্মা প্রডাকশন। প্রতিষ্ঠানটির সিইও আপুর্ভা মেহতা বলেন, “২৮ তারিখেই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি দেব আমরা। আমাদের বৈধ সেন্সর সনদপত্র আছে। তাই আইনতভাবে এটি মুক্তি পেতে কোনো বাধা আছে বলে আমি মনে করি না।”

কারান জোহার পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রানভির কাপুর, আনুশকা শর্মা ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।

ত্রিভুজ প্রেমের সংকটের গল্প নিয়ে নির্মিত এ ছবি প্রসঙ্গে ধার্মা প্রডাকশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ একটি প্রেমের ছবি আর দিওয়ালিও প্রেমের কথাই বলে। তাই আসছে দিওয়ালিতে সবার মনে সম্প্রতি ও ভালোবাসা ছড়িয়ে দিতেই ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্তে অটুট রয়েছি আমরা।”