২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সহশিল্পীদের সঙ্গে আমার যৌনতার সম্পর্ক নেই’

সহকর্মীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে প্রায়ই সংবাদের শিরোনাম হন সোনাম কাপুর। এবারে নেহা ধুপিয়ার সেলিব্রেটি শো ‘নো ফিল্টার নেহা’ তে জনপ্রিয় অভিনেত্রী দিপিকা পাড়ুকোনকে নিয়ে বাঁকা মন্তব্য করতে দেখা গেল তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 08:52 PM

Updated : 11 Oct 2022, 08:52 PM

ইন্ডিয়া টুডে জানায়, ‘নো ফিল্টার নেহা’র এ সপ্তাহের অতিথি ছিলেন সোনাম কাপুর। এতে সোনাম কাপুরের সিনেমা ক্যারিয়ার, প্রেম- ইত্যাদি নানা ব্যক্তিগত বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন এ তারকা।

সহঅভিনেতাদের সাথে সোনামের দারুণ রসায়নের রহস্য কি?

এ প্রশ্নের জবাবে সোনাম বলেন, “সহঅভিনেতাদের সাথে আমার যৌনতার সম্পর্ক নেই আর তারা কেউ আমার প্রেমিক নন! এটিই তাদের সাথে আমার সুন্দর রসায়নের রহস্য।”

সোনাম কাপুরের এমন ধারালো বক্তব্য সহকর্মী দিপিকা পাড়ুকোনকে উদ্দেশ্যে করেই দেওয়া বলে ধারণা করছেন সবাই। কারণ দিপিকার শেষ দু’টি বলিউড ছবি ‘বাজিরাও মাস্তানি’ ও ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’তে তার সহঅভিনেতা ছিলেন রানভির সিং ও রানভির কাপুর। একজন দিপিকার বর্তমান প্রেমিক, আরেকজন সাবেক!

অনুষ্ঠানের এক পর্যায়ে দিপিকা ও প্রিয়াঙ্কার মাঝে কার অভিনয় বেশি ভালো  লাগে? এ প্রশ্নের জবাবে সাথে সাথেই প্রিয়াঙ্কা চোপড়ার নাম বলেন সোনাম। সোনামের এ তাৎক্ষণিক উত্তরে সহজেই ধারণা করে নেয়া যায় কাকে উদ্দেশ্য করে আগের কথাগুলো বলেছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই সোনামের সঙ্গে দিল্লির ব্যবসায়ি আনান্দ আহুজার প্রেমের গুঞ্জন উঠেছিলো। এবারে সে বিষয়েও মিলেছে সহজ স্বীকারোক্তি! নেহার কাছে আনান্দের সাথে তার প্রেমের কথাও স্বীকার করেছেন এ অভিনেত্রী।

যদিও এর আগে বরাবরই প্রেমের কথা অস্বীকার করে আসছিলেন তিনি। এ সময় সোনাম আরো বলেন, প্রেমিক হিসেবে মিডিয়ার বাইরের মানুষই নাকি বেশি পছন্দ তার।

গতবারের কান চলচ্চিত্র উৎসবে হলদে-সবুজ রঙা রোমশ গাউন পরেছিলেন সোনাম। এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ হাসাহাসি হয়েছিলো। এমনকি সোনামের পোষাককে তার বাবা অনিল কাপুরের সাথে তুলনা করে বেশকিছু ট্রল ও মেমেও তৈরি হয়েছিলো।

সেগুলো নিয়ে সোনাম বলেন,“এগুলো আসলেই খুব মজার। আমার মনে হয় তুলনাটা একবারে যুতসই হয়েছে!”