‘ডিলানের গান মানুষকে ভিন্ন জগতে নিয়ে যায়’
মার্কিন সাহিত্য ইতিহাসে নতুন কাব্যিক উন্মাদনা সৃষ্টির জন্য সাহিত্যে নোবেল পেয়েছেন মার্কিন সংগীতশিল্পী বব ডিলান। ৭৫ বছর বয়সী এই শিল্পীর এই অর্জনে উচ্ছ্বসিত গোটা বিশ্ব। উচ্ছ্বাসের জোয়ারে সামিল হয়েছেন ভারতের রুপালি জগতের তারকারাও। ডিলানের নোবেল প্রাপ্তিকে সংগীতের জন্য ‘গর্বের মুহূর্ত’ বলেছেন তারা।
এ আর রাহমান থেকে আমজাদ আলী খান, ঋষি কাপুর থেকে প্রসেনজিৎ-ডিলানের প্রশংসায় পঞ্চমুখ সবাই। টুইটারে নিজেরদের এই অভিব্যক্তি প্রকাশ করেন তারা।
গান দিয়ে মানুষকে প্রভাবিত করার জন্য এ আর রাহমান নিজের ফেসবুকে ডিলানকে ধন্যবাদ জানিয়েছেন , “বব ডিলানের নোবেল বিজয় উদযাপন করছি। গানের মাধ্যমে তিন প্রজন্মকে উজ্জীবিত করার জন্য তাকে ধন্যবাদ দিতে চাই। তিনি মানুষকে নিজের গান দিয়ে ভিন্ন এক জগতে নিয়ে গিয়েছিলেন।”
ডিলানের নোবেল জেতায় দারুন খুশি আমজাদ খান, “তিনি মানুষকে অনেক প্রশান্তি দিয়েছেন, দারুণ গানও উপহার দিয়েছেন। প্রত্যেক দেশের গায়ক একে অন্যের সাথে যুক্ত কারন আমরা একই কাজ করি, এটাই সংগীতের সৌন্দর্য।”
ডিলানের নোবেল প্রাপ্তির খবরে গীতিকার জাভেদ আখতারও আনন্দিত, “আমি খুবই উচ্ছ্বসিত। ব্যাপারটা দারুণ এই কারণে যে মানুষ এখন নির্দিষ্ট একটা ঘরানাকে বেছে নিচ্ছেনা। আমরা গানকে সাহিত্য হিসাবে মানতে চাইনা সহজে। গজল এবং নাসাম কিন্তু এক ধরনের সাহিত্যই। বব দারুণ একজন মানুষ। তিনি এমন একজন মানুষ যিনি ইতিহাস তৈরি করেছেন।”
ঊষা উত্থুপের উচ্ছ্বাসটা যেনও কমছেই না, “এটা দারুণ একটা ব্যাপার। যারা গানকে সাহিত্যের অংশ হিসাবে ভেবেছেন তাদেরকে ধন্যবাদ । দারুণ একটা সিদ্ধান্ত এটা। আমি উচ্ছ্বসিত।”
আদনান সামি তার টুইটে লিখেছেন, “যখন আপনার সংগীত এবং হৃদয় মিশে যাবে তখনই সেটা পৃথিবীতে প্রভাব ফেলবে।”
ঋষি কাপুর লিখেছেন, “যখন আমরা তরুণ ছিলাম তখন আমি আর আমার বোন ববকে নিয়ে লড়াই করতাম। আমি তার গানের কথা কখনোই বুঝিনি, সে এটা দারুণ পছন্দ করতো। আজ আমার বোন পৃথিবীতে নেই, আশা করি সে এই খবরে খুশি!”
সুরকার ভিশাল দাদলানিও খুশি ডিলানের নোবেল প্রাপ্তিতে, “আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছিনা। ডিলানের সাহিত্যে নোবেল পাওয়া দারুণ একটা ব্যাপার। তার সংগীত আমার কাছে স্বাধীনতার অন্য নাম।”
কুনাল কোহলি বলেছেন, “ডিলানের অনেক আগেই নোবেল পাওয়া উচিত ছিল।”
টালিগঞ্জের অভিনেতা প্রসেনজিৎ বলেছেন, “এই খবরটি জানতে পেরে খুবই আনন্দিত।”
