‘বাজারি গানের দাপটে হেরে যাচ্ছে ভালো গান’
পাইরেসির ধকল সামলে ঘুরে দাড়াচ্ছে অডিও ইন্ডাস্ট্রি। নতুন গানে মনযোগি হচ্ছেন শিল্পীরা। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বের হচ্ছে ভুরি ভুরি অ্যালবাম। কিন্তু শ্রুতিমধুর ভালো গানের খরা এখনো কাটেনি। বিষয়টি ভাবিয়ে তুলছে পান্থ কানাইয়ের মতো শিল্পীদের।
এবারের কোরবানী ঈদে পান্থ কানাইর তিনটি গান নিয়ে অ্যালবাম 'দেহ খাঁচা' প্রকাশ করে জিপি মিউজিক। অ্যালবাম প্রকাশের বেশ কিছুদিন পেরিয়ে গেলেও আশানুরূপ শ্রোতার কাছে পোঁছাতে পারেনি তার গান। এর কারণ হিসেবে কানাই দায়ি করছেন প্রযুক্তির জটিলতাকেই।
তিনি বলেন, “দেখুন, ক'জন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারে? আর সবাই তো গ্রামীন সিম ব্যাবহার করেনা, ফলে গ্রামীন সিমের গ্রাহকরা ছাড়া আমার গান অন্য কেউ শুনতেও পারছে না। এখন এক এক ফোন কোম্পানীর গান শুনতে হলে আমাকে একেকটা সিম কিনতে হবে। এটা কি সম্ভব?”
তবে যারা এ পন্থায় গান শুনেছেন তাদের কাছ থেকে সাড়া ভালোই আসছে বলে জানালেন পান্থ কানাই। তিনি এখন ব্যস্ত তার নতুন পূর্নাঙ্গ একক অ্যালবাম নিয়ে। বেশকিছু গানের কাজ এরমধ্যেই শেষ হয়েছে বলে জানালেন। এ বছরই প্রকাশ করতে চান অ্যালবামটি।
এ ছাড়া বেশকিছু মিক্স অ্যালবামে গাইছেন তিনি। চলচ্চিত্রের গানেও কন্ঠ দিচ্ছেন। কিন্তু গান গেয়ে তৃপ্তি পাচ্ছেন না পান্থ কানাই।
“চতুর্দিকে কমার্শিয়াল গানের দাপটে ভালো গানগুলো হেরে যাচ্ছে। শ্রোতাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছেনা। বলতে পারেন, কেন গত পাঁচ বছরে একটা ভালো হিট গান নেই? মানুষ ভালো গান শুনতে চাচ্ছে না, আর্টিস্টরাও অনুপ্রেরণা হারিয়ে ফেলছেন নতুন গান করার।”
এই শিল্পী দাবি করেন, সামাজিক কারণও দায়ি গানের এ বিপর্যয়ের পেছনে। মানুষের যান্ত্রিকতা ও বিচ্ছিন্নতাকেই দায়ি করলেন তিনি।
বললেন, “দেখুন আগে সিডি প্লেয়ারে গান বাজতো, সাউন্ড বক্সে গান হতো। এখন গান হচ্ছে হেড ফোনে, আমার বোন কি গান শুনছে আমি বুঝতে পারছিনা। যার যার গান তার কাছে, শেয়ারিং টা কমে যাচ্ছে। মানুষ যান্ত্রিক হয়ে পড়ছে, গাছ নাই, সবুজ নাই পাখি নাই জ্যাম আর নানা জটিলতায় মানুষ এখন আর গানের কাছে সুরের খোঁজে নাই। দিন দিন মানুষ রুক্ষ হয়ে যাচ্ছে। এসবও প্রভাব ফেলছে গানে।”
বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে তার কণ্ঠে সৈয়দ শামসুল হকের কথায় অমর গান 'হায়রে মানুষ, রঙিন ফানুষ'। গানটি আগেও গেয়েছিলেন পান্থ কানাই। আবার গাইলেন আগামী টিভির জন্য।
তার গানের দল অর্ণব এন্ড ফ্রেন্ডস থেকেও বের হচ্ছে নতুন অ্যালবাম। অর্ণবসহ অন্যদের গানে বাজানোর পাশাপাশি অ্যালবামে তার নতুন তিনটি গানও থাকছে।
ছবি: পান্থ কানাইয়ের ফেইসবুক পেইজ থেকে নেওয়া
