সিনেমা দেখেন না কাজল!
প্রায় তিন দশক ধরে বলিউডের রুপালি জগতে কাজ করছেন তিনি। তার অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ‘কুচ কুচ হোতা হ্যায়’ ‘কাভি আলবিদা না কেহনা’- সিনেমাগুলো চিরদিনের জন্য ভক্তদের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছে। কিন্তু এবার কাজল নিজেই জানালেন, তিনি নাকি সিনেমা দেখতে পছন্দ করেন না!
ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলের সেলেব্রিটি চ্যাট শো ভোগ বিএফএফ’-এর একটি পর্বে অতিথি হয়ে এসে এসব কথা বলেন কাজল।
দীর্ঘদিনের বন্ধু মিকি কন্ট্রাক্টর-এর সামনে কাজল নিজের বই পড়ার শখের ব্যাপারে বলেন, “আমি সিনেমা দেখা পছন্দ করিনা। একেবারেই না, আমি সিনেমাখোর নই! আসলে আমার আগ্রহের বিষয় হচ্ছে বই। আমি অনেক বই পড়ি, আমি ভ্যাম্পায়ার, ওয়্যারউলভসসহ এরকম আদিভৌতিক জিনিসগুলো পছন্দ করি।”
শেষবার কাজলকে বড় পর্দায় দেখা গিয়েছিলো শাহরুখের সাথে ‘দিলওয়ালে’ সিনেমায়। কাজল আরও জানান, এই মুহূর্তে তিনি লি চাইল্ডের ‘জ্যাক রিচার’ সিরিজের বই পরছেন।
বই পড়ার গুরুত্বের ব্যাপারেও কথা বলে দুই সন্তানের মা কাজল।
তিনি বলেন, “আমি বই পড়ায় বিশ্বাসী। আমি মনে করি বাচ্চাদের অবশ্যই বই পড়া উচিত। তাদের বই পড়া উচিত এই কারণে যে এটি আমাদের কল্পনাশক্তিকে অনেক বাড়িয়ে তোলে। আমি মনে করি এটি আপনাকে একজন ভাল মানুষ হিসাবে গড়ে তুলবে। আপনি অনেক কিছু জানতেও পারবেন। আমার মনে হয় সবার উচিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা।”
