২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বলিউড মানেই সুদর্শন অমিতাভের সানগ্লাস পরা মূর্তি’

ভারতীয় ছবি মানেই জমকালো সংলাপ আর নাচে-গানে ভরপুর দৃশ্য। আর বলিউড হিরো মানেই কালো চশমা পরা অমিতাভ বচ্চনের গুন্ডা-বদমায়েশদের তাড়া করে ফেরা! কি মিলে গেলো আপনার সাথেও? না, এটি কোনো সাধারণ বলিউডপ্রেমীর কথা নয়। এটি অস্কার বিজয়ী তারকা টম হ্যাঙ্কসের কথা!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 04:33 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

আইএ্নএস’কে দেয়া এক সাক্ষাতকারে টম হ্যাঙ্কস জানিয়েছেন, “ভারতীয় ছবির নির্মাণ কৌশল ও বৈচিত্র্যময় গল্প বলার ধরণ পশ্চিমাদের কাছে বরাবরই একটি বিস্ময়কর ব্যাপার। আমার কাছে তো বলিউড ছবি মানেই বড় বাজেটের চোখ ধাঁধানো কারবার আর সুদর্শন অমিতাভের সানগ্লাস পরা মূর্তি, যে কি না সব সময়ই খারাপ লোকদের শায়েস্তা করতে ব্যস্ত!”

হ্যাঙ্কস আরো্ বলেন, “চীনা ও জাপানি ছবির মতো ভারতীয় ছবি থেকেও হলিউডের অনেক কিছু শেখার আছে। অ্যাং লি’র ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’ এর মতো ছবিগুলো যেমন হলিউডকে অনেক সমৃদ্ধ করেছে তেমনি ভারতীয় ছবির মনোমুগ্ধকার গল্প বলার কৌশল থেকেও অণপ্রেরণা পেতে পারে হলিউড। আমার মনে হয় ভারতীয় ছবির কলাকুশলীরা অচিরেই হলিউডে জায়গা করে নিতে পারবে।”

পশ্চিমা বিশ্বে ভারতীয় ছবি বলতে এখনও সত্যজিৎ রায়ের ছবির কথাই বলা হয়। এ ধারণা পরিবর্তনের সময় এসেছে বলে মনে করেন হ্যাঙ্কস। তার মতে, বলিউডের উচিত বেশি করে তাদের ছবি বর্হিবিশ্বে মুক্তি দেয়া। যাতে করে সিনেমার আর্ন্তজাতিক বাজারটা তারা ধরতে পারে।

প্রস্তাব পেলে ভারতীয় ছবিতে অভিনয় করবেন?

এমন প্রশ্নের জবাবে হ্যাঙ্কস বলেন, “সুযোগ পেলে ভারতীয় ছবিতে অভিনয় করবো। তবে অবশ্যই দড়ি ধরে তাজমহল বেয়ে উঠা কিংবা হেলিকপ্টার থেকে লাফ দিয়ে পড়া- এমন কোনো চরিত্রে নয়! ভারতীয় সিনেমায় অভিনয় করলে চিরাচরিত ভারতীয় কোনো চরিত্রেই অভিনয় করতে চাই।”

‘ফরেস্ট গাম্প’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ খ্যাত অভিনেতা টম হ্যাঙ্কেস এর পরবর্তী ছবি ‘ইনফার্নো’তে সহঅভিনেতা হিসেবে দেখা যাবে ‘লাইফ অব পাই’ খ্যাত ভারতীয় অভিনেতা ইরফান খানকে। ১৪ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তির দু’সপ্তাহ আগেই ভারতে মুক্তি পাচ্ছে এ ছবিটি।