২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিকাগোতে সেরা ‘মাটির প্রজার দেশে’

সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো বিশ্বচলচ্চিত্রের গুরুত্বপূর্ণ আসরে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েই চমকে দিয়েছিলো নবীন নির্মাতা বিজন ইমতিয়াজ পরিচালিত ‘মাটির প্রজার দেশে’। এবার শিকাগোতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা হওয়ার গৌরব বয়ে আনলো চলচ্চিত্রটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 12:46 PM

Updated : 11 Oct 2022, 08:52 PM

১০ অক্টোবর উৎসবের সমাপনী দিনে স্থানীয় সময় রাত ১০টায় নির্মাতা বিজনের হাতে সেরা চলচ্চিত্রের পুরস্কার তুলে দেয় উৎসব কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের গুণী পরিচালকদের সারিতে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিজন। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৫ই অক্টোবর শুরু হওয়া এই উৎসবের এটি ছিলো সপ্তম আসর।

এ আসরে হিন্দি, শিংহলিজ, মালায়ালাম, উর্দু, পাঞ্জাবী, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় নির্মিত ১৪ টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে ‘মাটির প্রজার দেশে’। 

সেরা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে নির্মাতা বিজন আমেরিকা থেকে গ্লিটজকে বলেন, “সিনেমাটা নিয়ে যে যাচ্ছি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি সেটা আসলে সব সময় একটা অন্য রকম অনুভূতি দেয়। আমাদের সিনেমা যে এতো গুলো চমৎকার সিনেমার সাথে দেখিয়েছে সেটা অনেক সম্মানের, পুরস্কার পাবার কথা আমরা ভাবি নি। যে কোন প্রাপ্তি আসলে কাজ করে যাবার অনুপ্রেরণাটাই দেয়। আর কলাকুশলী, কর্মী আর পরিবারকে অনেক আনন্দ দেয়, যেটা আসলে আমাদের আসল প্রাপ্তি।”

জি সিনেমা পরিবেশিত এবারের উৎসবে মোট ১৫ টি ছবি প্রতিযোগিতা বিভাগে লড়েছে। এরমধ্যে ছিল ‘মাসান’, ‘আলিগড়’, ‘আইল্যান্ড সিটি’, ‘দ্য টাইগার হান্টার’, ‘কাশ’, ‘ওয়েটিং’, ‘বুধিয়া সিং: বর্ন টু রান’-এর মতো সিনেমা। ৯ অক্টোবর উৎসবে প্রদর্শিত হয় ‘মাটির প্রজার দেশে’।

গুপীবাঘা প্রোডাকশনস লিমিটেড প্রযোজিত এ ছবির চিত্রনাট্য লেখা ও পরিচালনা করেছেন বিজন। ছবিটিতে অভিনয় করেছেন মাহমুদুর অনিন্দ্য, শিউলী আক্তার, চিন্ময়ী গুপ্তা, রোকেয়া প্রাচী, মনির আহমেদ সাকিল, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইকবাল হোসেন, রমিজ রাজু, আব্দুল্লাহ রানা, কচি খন্দকার, মাহফুজা বেগম রুমা, প্রশান্ত ত্রিপুরা।

নির্মাতা জানালেন আসছে জানুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহনের পরপরই দেশের দর্শকদের প্রদর্শনের জন্য উন্মুক্ত করবেন চলচ্চিত্রটি। এইমুহুর্তে তিনি ব্যস্ত তার নতুন সিনেমা ‘মানিব্যাগ’ নিয়ে।