‘মামাবাড়ির পূজা খুব মিস করছি’
দুর্গাপূজাটা ছোটবেলা থেকেই রাজশাহীতে নিজের মামাবাড়িতেই কাটানো হয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম-এর। তবে এবার কাজের ব্যস্ততা থাকায় ঢাকাতেই কাটালেন পূজার সময়টা।
গ্লিটজকে তিনি বলেন, “এবার ঢাকাতেই থাকছি, শুটিং-এর ব্যস্ততা পড়ে গেছে। এছাড়াও ১২ তারিখে মংলাতে যাব শুটিং-এর কাজেই। তাই এবার আর পরিবারের সঙ্গে পূজা করা হচ্ছে না।”
রাজশাহীর বদলে ঢাকাতেই থাকা কেন? মিম জানালেন ব্যস্ততাই তাকে দেয়নি অবসর।
ঢাকায় থাকলেও গোটা পূজার সময় মনটা মামাবাড়িতেই পড়েছিল মিমের।
“রাজশাহীতে মামাবাড়ির পূজা খুব মিস করছি। ওখানে আমার মামাতো, মাসতুতো ভাই-বোনেরা আছে, ওখানকার পূজার জৌলুসই আলাদা। সবাইকে নিয়ে অনেক মজার সময় কাটে ওখানে।”
রাজশাহীর পূজার সঙ্গে জড়িয়ে আছে এই লাক্স তারকার শৈশবের স্মৃতিও।
এবারের পূজায় অষ্টমীতে বনানী পূজা মণ্ডপে ঘুরতে গিয়েছিলেন মিম।
গ্লিটজকে তিনি বলেন “এবার যেহেতু ঢাকাতেই থাকছি, এখানেই আশপাশের কয়েকটি পূজা মণ্ডপে ঘোরা হবে। অষ্ঠমীতে সন্ধ্যায় বের হয়েছিলাম, এখানকার পূজা মণ্ডপেই ঘুরেছি।”
এই মুহুর্তে মিম ব্যস্ত নতুন ছবি ‘পাষাণ’-এর কাজ নিয়ে। এছাড়াও বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘আমি তোমার হতে চাই’ সিনেমাতেও দেখা যাবে তাকে।
