‘নক্ষত্রের রাত’-এ মাহির নায়ক বাধঁন
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প নিয়ে পরিচালক মেহের আফরোজ শাওনের নির্মিতব্য ‘নক্ষত্রের রাত’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের মাহিয়া মাহি। সিনেমায় মাহির সঙ্গে অভিনয় করবেন নবাগত বাঁধন, যিনি ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান-চ্যানেল আই হিরো’ ২০১৬ এর প্রতিযোগিতার বিজয়ী।
শনিবার রাতে ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে এমনই ঘোষনা দিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
অনুষ্ঠানে তিনি বলেন, “আজকে যে বিজয়ী হবে সে অভিনয় করবেন হুমায়ুন আহমেদের সিনেমায়। হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নামে একটি নাটক আমরা দেখেছি। তবে নতুন ছবির সঙ্গে এর কোনো মিল থাকবে না। এই গল্পের প্রধান চরিত্র পাশার ভূমিকায় অভিনয় করবেন নতুন হিরো। সিনেমাটি পরিচালনা করবেন মেহের আফরোজ শাওন।”
‘নক্ষত্রের রাত’ সিনেমায় মাহির চরিত্রটির নাম রেবেকা। সিনেমায় মাহিয়া মাহিকে কাস্টিং প্রসঙ্গে গ্লিটজকে মেহের আফরোজ শাওন বলেন, “এই চরিত্রের জন্য ওর (মাহি) সঙ্গে মানানসই। মাহি মানুষ হিসেবে যেমন, এই চরিত্রটি তার সঙ্গে একদম মিলে যায়।”
এর আগে মাহিয়া মাহি অভিনয় হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমায় অভিনয় করেছিলেন; ওই সিনেমাটিও পরিচালনা করেছিলেন শাওন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ।
এ প্রসঙ্গে শাওন বলে, “বিদ্যা সিনহা মীমকে নিয়ে হুমায়ূন আহমেদ ‘আমার আছে জল’ সিনেমায় কাজ করেছিলেন, যখন সে একজন আনকোরা মেয়ে ছিল। মীম এখন মিডিয়াতে রাজত্ব করছে। বাধঁনও আনকোরা একটি ছেলে। আমার বিশ্বাস সেও এই মিডিয়াতে একটি সময় রাজত্ব করবে।”
সিনেমার দৃশ্যধারনের কাজ কবে নাগাদ শুরু হবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে গ্লিটজকে জানালেন শাওন।
