আজায়ের সিদ্ধান্তে গর্বিত কাজল
অভিনেতা আজায় দেভগান ঘোষণা দিযেছেন, তিনি এই মুহূর্তে কোনো পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করবেন না। তার এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন আজায় পত্নী কাজল। স্বামীর এই সিদ্ধান্তে তিনি গর্বিত বলেই জানিয়েছেন।
ইন্ডিয়া টুডে জানায়, সিএনএন আইবিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত পাকিস্তানের মাঝে চলা এই স্নায়ুযুদ্ধের সময়ে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ না করার ঘোষণা দেন আজায়।
এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে টুইট করেছেন কাজল। সেখানে তিনি বলেন,“আমার স্বামীর এই অরাজনৈতিক এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে আমি দারুণ গর্বিত।”
সম্প্রতি আজায় পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়ে বলেছিলেন, “আমরা সবাই শান্তি চাই, কিন্তু এক হাতে তালি বাজেনা। আমি কিছু মানুষকে বলতে শুনেছি কথার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব, কিন্তু শুধু কথাই চলছে। আপনি তাদের সঙ্গে কথা বলছেন আর তারা আপনাকে এসে মারছে, তবুও আপনি তাদের সঙ্গে কথা চালিয়ে যেতে যান! আমি দেখতে চাই আপনি কারও সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছেন, সে আপনাকে কষে একটা থাপ্পড় লাগালো, এরপর আপনাকে বললো, “আসুন এবার কথা বলি”। তখন আপনার অনুভূতি কি হবে?”
আগামী ২৮ অক্টোবর আজায় -এর নতুন সিনেমা ‘শিভায়ে’ মুক্তি পাবে। একই দিনে মুক্তি পাচ্ছে কারান জোহার পরিচালিত তারকাবহুল সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। সিনেমাটির একটি ফাওয়াদ খান-এর উপস্থিতি নিয়ে এরমধ্যেই বিতর্কের মুখে পড়েছেন কারান।
