পাকিস্তানিদের সঙ্গে অভিনয় নয়: অজয়
ভারতীয় অভিনেতা আজায় দেভগান ঘোষণা দিয়েছেন, কোনও পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করবেন না। উরি হামলা পরবর্তী সময়ে এই প্রথম কোনো ভারতীয় শিল্পীর কাছ থেকে এরকম ঘোষণা এল।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গতকাল সিএনএন আইবিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত পাকিস্তানের মধ্যে চলা এই স্নায়ুযুদ্ধের সময়ে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ না করার ঘোষণা দেন আজায়।
আজায় বলেন, “সীমান্তে যখন আমাদের সেনারা মরছে, তখন পাকিস্তানিদের সঙ্গে কাজ করা যায় না।”
কাশ্মীরের হামলার প্রভাবটা বলিউড পাড়ায় খুব ভালোমতোই পড়েছে। উরি হামলার পর মহারাষ্ট্র নাভিরমান সেনা পাকিস্তানি অভিনেতাদের দেশে ফিরে যাওয়ার হুমকি দিয়েছিল। সামাজিক মাধ্যমগুলোতে এই ব্যাপারে কম জলঘোলা হয়নি। তবে এই প্রথম কোনও প্রথম সারির অভিনেতা পাকিস্তানিদের সঙ্গে কাজের ব্যাপারে অস্বীকৃতি জানালেন।
তিনি বলেন, “আমরা সবাই শান্তি চাই, কিন্তু এক হাতে তালি বাজেনা। আমি কিছু মানুষকে বলতে শুনেছি, কথার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব, কিন্তু শুধু কথাই চলছে। আপনি তাদের সাথে কথা বলছেন আর তারা আপনাকে এসে মারছে, তবুও আপনি তাদের সাথে কথা চালিয়ে যেতে যান! আমি দেখতে চাই আপনি কারো সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, সে আপনাকে কষে একটা থাপ্পড় লাগালো, এরপর আপনি বললে, “আসুন এবার কথা বলি”। তখন আপনার অনুভূতি কি হবে?”
সাক্ষাৎকারী ভুপেন্দ্রা চৌবে আজায়কে এটাও সরাসরি জিজ্ঞাসা করেন যে, তিনি বিজেপিতে যোগদান করছেন কিনা।
আজায় এর আগে বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছেন। আজায় পত্নী কাজল কিছুদিন আগে নারেন্দ্রা মোদীর ‘পরিস্কার ভারত অভিযানের’ প্রশংসা করেছিলেন।
শুধু আজায়ই নয়, আরেক বলিউড তারকা আকশায়ও পাকিস্তান বিষয়ে মুখ খুলেছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিওতে তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, কিছু মানুষ এই পরিস্থিতিতে কিভাবে পাকিস্তানি শিল্পীদের উপরে নিষেধাজ্ঞার ব্যাপারে তর্ক করতে পারে। যে পরিবারের একজন ছেলে অথবা বাবা আর্মিতে আছে তারা বলিউডে কি সিনেমা মুক্তি পাচ্ছে এটা নিয়ে মোটেও চিন্তিত নয়।
