‘হিজড়াদেরও অভিনয়ের সুযোগ দিন’
চলতি বছরের এমি অ্যাওয়ার্ডস-এ কমেডি বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জেফ্রি ট্যাম্বর। জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ট্রান্সপারেন্ট’-এ এক তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করে এই সম্মান অর্জন করেন তিনি। পুরস্কার নিতে মঞ্চে উঠে হিজড়াদের সম অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বক্তব্য রাখেন এই মার্কিন অভিনেতা।
ভ্যারাইটি বলছে, পুরস্কার নিতে মঞ্চে উঠেই আগে ‘ট্রান্সপারেন্ট’ এর পরিচালক জিল সলোওয়েকে আন্তরিক ধন্যবাদ জানান ট্যাম্বর। এ সময় সলোওয়েকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘তুমি না থাকলে আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না। সব কৃতিত্ব তোমারই।’’
‘ট্রান্সপারেন্ট’-এ মাউরা ফিফারম্যান নামের এ হিজড়া চরিত্রে অভিনয় করাটাকে নিজের সৌভাগ্য বলে মনে করলেও হিজড়াদেরও অভিনয়ের সুযোগ দেয়া উচিৎ বলে মনে করেন এ তারকা।
এ প্রসঙ্গে ট্যাম্বর বলেন, “আর কতকাল আমরা তাদেরকে (হিজড়াদের) দূরে সরিয়ে রাখব? আমার মনে হয় হিজড়াদেরও অভিনয়ের সুযোগ দিতে হবে। এ ধরনের চরিত্রের জন্য তাদেরও অডিশন নেয়া উচিৎ।”
অ্যামাজন ডটকম-এ প্রচারিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ট্রান্সপারেন্ট’ এর গল্প তৈরি হয়েছে একজন বাবা ও তার তিন মেয়েকে নিয়ে। ঘটনার পরিক্রমায় তিন মেয়ে এক সময় জানতে পারে তাদের বাবা আসলে পুরুষ নন, একজন হিজড়া। এতে আরও অভিনয় করেছেন গ্যাবি হফম্যান, জে ডুপ্লাস, এমি ল্যান্ডেকার, জুডি লাইট প্রমুখ।
