২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে জন-তিশার যুদ্ধ!

খাবারের দোকানে খেতে গিয়ে বন্ধুদের সঙ্গে তোলা গ্রুপ সেলফি ফেইসবুকে আপলোডের পরেই দেখা গেলো এক অজ্ঞাত যুবকের ছবিও সেখানে উঠে গেছে। তখনই বাঁধলো যত বিপত্তি। শুরু হলো সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই যুবককে নিয়ে কমেন্টের যুদ্ধ। এমনই এক গল্প নিয়ে নির্মীত হয়েছে নাটক ‘আকাশী রংয়ের দোলনা- অনলাইন ফাইট’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 03:39 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

নাটকটিতে জুটি বেধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও জন কবির। মারুফ রহমানের চিত্রনাট্যে নাটকটি র্নিমান করেছেন ইমেল হক।

নাটকে অভিনয় প্রসঙ্গে গ্লিটজকে জন কবির বলেন, “আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি যে মানুষটি মোটেও সামাজিক নয়। সে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে সব সময় নিজেকে কিছুটা দূরে রাখে। সব সময় নিজের মতো করে জীবনযাপন করে। কিন্তু বতর্মানে তো আসলে বেশিরভাগ মানুষই সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যস্ত থাকেন। সেক্ষেত্রে বলতে পারেন, এই মানুষটি একেবারেই স্রোতের বিপরীতের একজন।”

এর আগে তিশা ও জন কবিরের সঙ্গে বেশ কিছু একক নাটকে কাজ করলেও এই জুটিকে নিয়ে এই প্রথমবারের মতো ইদের নাটক র্নিমাণ করেছেন ইমেল হক।

এ প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “নাটকের গল্পে যে দুটি প্রধান চরিত্র রয়েছে সেখানে তিশা ও জন কবিরের কোন বিকল্প নেই। গল্পের প্রয়োজনেই তাদেরকে কাস্টিং করা হয়েছে। শুধু তাই নয় এই নাটকের জন্য জন কবিরকে দাড়িও রাখতে হয়েছে। কারন এটি তার অভিনীত চরিত্রের জন্য খুবই প্রয়োজন ছিলো। তবে এইটুকু অন্তত বলতে পারি, তাদের দুজনের অনলাইন জীবনের যুদ্ধ আমাদের অনেকের যাপিতজীবনে প্রিয়জনের সঙ্গে যুদ্ধের মূর্হুতগুলোকে মনে করিয়ে দেবে।”

নাটকটিতে জন-তিশা ছাড়াও অভিনয় করেছেন শামীম হাসান সরকার, খাইরুল পাপন, মাহমুদা আপনসহ আরও অনেকে।

নাটকটি প্রযোজনা করেছে বানীচিত্র। ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টা পাঁচ মিনিটে এনটিভিতে দেখা যাবে তিশা ও জনের অনলাইনের যুদ্ধ।