২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারুণ্য মানেই প্রেম নিয়ে মেতে থাকা নয়’

একই বিশ্ববিদ্যালয়ে পড়া বিভিন্ন বিভাগের একদল তরুণের নিজ নিজ যাপিতজীবনের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘তরুণ তুর্কি’। সমাজের বিভিন্ন স্তরের আটজন তরুণের এই দল নানা সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে। নাটকটি তৈরি করেছেন ইমরাউল রাফাত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 04:24 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

নাটকটি প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, “তারুণ্য মানেই অযথা দুষ্টুমি নয়, তারুণ্য মানেই কেবলই প্রেম ভালোবাস নিয়ে মেতে থাকা- মোটেও এমনটি নয়।”

সমাজে তরুণদেরও নিজেস্ব দায়বদ্ধতা রয়েছে বলে দাবি করে তিনি বলেন, “তরুণদেরও কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে।

সমাজে তরুণরা একটি গুরুত্বর্পূণ অবস্থানে রয়েছে। সেই জায়গা থেকে তরুণদের নিয়েই নাটকটি নির্মাণ করা।”

নাটকের নাম নিয়ে রাফাত বলেন, “তুর্কি অর্থ যোদ্ধা। সেই দিক থেকে বিবেচনা করলে আমার নাটকের গল্পের প্রত্যেক তরুণই যোদ্ধা। আসলে আমি নাটকের গল্পে তাদের প্রত্যেককে একজন যোদ্ধা হিসেবে আমি উপস্থাপন করেছি।”

নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, অর্চিতা স্পর্শিয়া, জোবান, নাঈম, তাসনুবা তিশা, নোভা, শামীম হাসান সরকার সহ আরো অনেকে।

‘তরুণ তুর্কি’ ধারাবাহিক নাটকটি বর্তমান সময়ের প্রেক্ষিতে প্রাসঙ্গিক কি না জানতে চাইলে রাফাত বলেন, “বর্তমান সময়ের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ‘তরুণ তুর্কি অবশ্যই প্রাসঙ্গিক। আমাদের সমাজের তরুণদের জায়গাটা আসলে কোথায়? তরুণদের উপরে একটি দেশের সামাজিক উন্নয়ন র্নিভর করে। আমাদের দেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ- সব কিছুই হয়েছে তরুণদের কাঁধে ভর করেই। কিন্তু এখন তো আর সেই যুদ্ধ নেই। তাহলে আমাদের তরুণদের যুদ্ধটা কার সঙ্গে?”

নিজের প্রশ্নের উত্তর নিজেই দিলেন রাফাত, “যুদ্ধটা আসলে সমাজের সঙ্গে। আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের তরুণদেরই একে অপরের সঙ্গে মিলে কাজ করতে হবে। মূলত আমাদের সমাজের তরুণদের এই যুদ্ধটাকেই নাটকের সঙ্গে প্রাসঙ্গিক বলে মনে করছি।”

‘তরুণ তুর্কি’ নাটকের গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন করেছেন পরিচালক নিজেই।

হালের নাটকগুলোর মতো নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে নির্মীত এই নাটকে ভাষা বিকৃতির বিষয়টি থাকছে কিনা জানতে চাইলে কৌশলী উত্তর দিলেন রাফাত।

তিনি বলেন, “ভাষা বিকৃতি কিংবা মান ভাষা বা প্রমিত ভাষার বিষয়টি আসলে আপেক্ষিক। এই বিষয়টি প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে দেখে থাকেন। একজন র্নিমাতার দৃষ্টি থেকে নাটকের গল্পটাকে আমি কোন দিক থেকে দেখছি এবং নাটকের অভিনীত চরিত্রগুলো কোন ভাষায় কথা বলে তার উপর র্নিভর করে আমরা পুরো নাটকটি সাজিয়েছি। মূলত চরিত্রের উপর র্নিভর করেই ভাষার ব্যবহার করা হয়েছে।”

এনটিভির পর্দায় ২৩ আগস্ট থেকে প্রচারিত হবে নাটক ‘তরুণ তুর্কি’। প্রাথমিক পর্যায়ে ৫২ পর্বের জন্য ধারাবাহিকটি নির্মীত হলেও পরবর্তীতে দর্শকের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে তা ১০৪ পর্ব পর্যন্ত নির্মাণ করা হতে পারে বলে গ্লিটজকে জানিয়েছেন নির্মাতা।