ঝড় তুলেছে ‘ডানাকাটা পরী’
ট্রেইলারেই মিলেছিল উত্তেজনার আভাস। এবার সেই আগুনে ঘি ঢেলে দিল ‘রক্ত’ সিনেমার আইটেম গান ‘ডানাকাটা পরী’। গানে আলোচিত চিত্রনায়িকা পরীমণির আবেদনময়ী উপস্থিতি এরমধ্যেই মাত করেছে অন্তর্জাল। ইউটিউবে প্রকাশের দুইদিনের মাথাতেই ৫ লাখেরও বেশিবার দেখা হয়ে গেছে ভিডিওটি।
পরীমণির বহুল প্রতিক্ষীত সিনেমা ‘রক্ত’-এর ট্রেইলার মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। তখনই ঝলক মিলেছিল অ্যাকশন অবতারে পরীর দুর্দান্ত আবির্ভাবের। এবার ‘ডানাকাটা পরী’তে তিনি দেখা দিলেন জমকাল এক আবেদনময়ী রূপে।
তিন মিনিট ১১ সেকেন্ডের গানটি গেয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী কানিকা কাপুর। এর আগে ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’, ‘আঁখিও সে লিখে লাভ লেটার’-এর মতো বলিউডি আইটেম গানে কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছেন তিনি।
গানটি ইউটিউবে জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল পেইজ থেকে প্রকাশ করা হয় শনিবার রাতে। পরবর্তী ২৪ ঘন্টাতেই এটি স্পর্শ করে ১ লাখ ভিউয়ের মাইলফলক।
‘রক্ত’ পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এখানে পরীর নায়ক নবাগত রিক্ত রোশান। সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলোর পরিচালনা করছেন থাইল্যান্ডের জাইক্যা এবং চেন্নাইয়ের রাজেশ। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ।
