২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের নেহা কাক্কার আসছেন ঢাকায়

প্রথমবারের মতো ঢাকা আসছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 12:25 AM

Updated : 20 Aug 2022, 01:24 PM

ইমেকার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কনসার্টে বাংলাদেশের সংগীত প্রেমীদের সামনে সরাসরি গান পরিবেশন করবেন তিনি। ৩০ সেপ্টেম্বরের এ কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘নেহা কাক্কার লাইভ ইন ঢাকা পাওয়ার্ড বাই রিফাত ট্রেডিং’।

কনসার্টটির বিষয়ে ইমেকার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৪ সালে ‘আরিজিৎ সিং লাইভ’, ২০১৫ সালে ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ‘কনসার্ট ফর নেপালের’ মতো বেশ আলোচিত সংগীত আসরের আয়োজনের পর এবারের কনসার্টটি সাজানো হবে ‘ভিন্ন আঙ্গিকে’। নিরাপত্তা কড়াকড়ির বিষয়টি মাথায় রেখে নেওয়া হচ্ছে ‘বিশেষ পদক্ষেপ’।

তিনি বলেন, “দেশের সংগীতাঙ্গনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আমাদের এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নেহা কাক্কারের পাশাপাশি কনসার্টে গান গাইবেন দেশীয় শিল্পীরা।

ইমেকার্স বাংলাদেশের মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসান জানান, এরই মধ্যে কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে হবে এ কনসার্ট। কনসার্টের টিকেটের দাম রাখা হচ্ছে ১০০০, ২০০০ ও ৩,৫০০ টাকা।

২৯ সেপ্টেম্বর ঢাকায় আসবেন নেহা কাক্কার।

মূলত আইটেম গানের জন্যই বেশি জনপ্রিয় নেহা কাক্কার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আজ ব্লু হ্যায় পানি পানি’, ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’, ‘ধাতিং নাচ’, ‘লন্ডন ঠুমাকড়া’, ‘দেখেগা রাজা ট্রেলার’, ‘আও রাজা’, ‘তু ইশক মেরা’, ‘দো পেগ মার’, ‘পার্টি শো’, ‘টুকুর টুকুর’ প্রভৃতি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এবং ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির ‘অগ্নি-২’ ছবির ‘ম্যাজিক মামোনি’ গানটিও তিনি গেয়েছেন।