২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন মারজান-জোবায়ের

বছর দুয়েক ধরেই ‘মুসাফির’ এর প্রযোজক জোবায়ের আলম ও অভিনেত্রী মারজান জেনিফার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল সিনেপাড়ায়। এবার সেই গুঞ্জনকে সত্যি করে বিয়ের পিড়িতেই বসলেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 04:13 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

ফেইসবুকে প্রেমিক যুগলের ছবি মাঝে মধ্যে দেখা গেলেও নিজেদের প্রেমের সম্পর্কের ব্যাপারে কুলুপ এটেঁ ছিলেন মারজান এবং জোবায়ের- দুজনই। কিন্ত শুক্রবার রাত থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেমিক যুগলের বিয়ের সাজে ও বরকনের মিষ্টি মুখের ছবি ভাইরাল হওয়ায় সুখবরটি আর গোপন রইলো না।

হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গে গ্লিটজকে জোবায়ের আলম বলেন, “শুক্রবার সকাল থেকেই দুইজনে গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ করেই আমাদের মধ্যে প্রসঙ্গে ক্রমে বিয়ে করার কথা উঠল। মনে হলো বিয়ে করে ফেললে কেমন হয়? ব্যাস, যেমন সিদ্ধান্ত তেমন কাজ।”

স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কিভাবে? জোবায়ের-এর স্মিত হাস্যে উত্তর, “মারজানকে তখনই বললাম চলো বিয়ে করি। ও রাজি হয়ে গেল। দেরী না করে শুক্রবার রাতে পারিবারিকভাবে আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো।”

বিয়ের আগে প্রেমের প্রসঙ্গে জোবায়ের বলেন, “আমরা দুই বছর ধরে চুটিয়ে প্রেম করছিলাম। একই সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলাম। আমাদের সর্ম্পক নিয়ে অনেকেই অনেক ধরনের গুঞ্জন রটিয়েছে। তাই অবশেষে সিদ্ধান্ত নিলাম আর দেরী না করে এখনই আমাদের বিয়ে করা উত্তম।”

‘মুসাফির’ সিনেমার সাফল্যের পরে সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘মুসাফির ২’ সিনেমার প্রস্তুতিকে ঘিরে নাকি ছিলো মারজানের সকল ব্যস্ততা। কিন্তু হঠাৎ করেই হয়ে গেলো বিয়ে। আর এতে কাজের সুবিধাই হবে বলে মনে করছেন তিনি।

গ্লিটজকে মারজান জেনিফা বলেন,“ এখন বিয়ে করার কোন পরিকল্পনাই মাথায় ছিল না। কিভাবে যেন হঠাৎ বিয়েটা হয়ে গেল। তবে একদিকে ভালোই হলো। প্রযোজক তো এবার ঘরে। কাজেই এখন আরও মনোযোগ দিয়ে ভালোমত অনেক সিনেমা করা যাবে।”

বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মারজান হেসে বলেন, “আচ্ছা আমি কি বিয়ে করেছি?...শুধুমাত্র কবুল বলা হয়েছে। জোবায়ের খুবই ভালো মনের মানুষ। তাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছি। আমি আমরা সারা জীবন তার সঙ্গে থাকতে চাই। আমি সকলের কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই।”

বিয়ের পরে কি মারজান পুরোদস্তর গৃহিনী বনে যাচ্ছেন? গ্লিটজের এমন প্রশ্নের উত্তরে প্রযোজক বর জোবায়ের আলম বলেন, “মারজান তার ব্যক্তিজীবনে সিনেমাতে নিয়মিত হবে কিনা এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার দিক থেকে কোন বাধা নেই। বরং যদি মারজান জনপ্রিয় অভিনেত্রী হয়ে সকলের হৃদয়ে ঠাঁই করে নিতে পারে তাহলে আমি খুবই খুশি হবো।”

জোবায়ের আরও বলেন, “আমি কখনোই নায়িকাদের বাঁকা চোখে দেখিনা। আমি বিদেশে পড়াশুনা করা ছেলে। আমেরিকায় অনেক বছর ছিলাম। বতর্মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি সবসময় তাদেরকে (নায়িকাদের) সম্মানের চোখে দেখি। যদিও আমাদের দেশে নায়িকাদের বিয়ে কেউ ভালো চোখে দেখেনা। কিন্তু আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে দেখবো যেখানে জনপ্রিয় নায়িকাদের বিয়ে করার জন্য রাজার ছেলেদেরও লাইন পড়ে যায়।”

হঠাৎ বিয়ে করে ফেললেও এক সপ্তাহ পরে কাছের লোকদের নিয়ে একটি অনুষ্ঠানের পরিকল্পনা ইতমধ্যেই কষে ফেলেছেন এই নব দম্পতি। তবে বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান মারজানের চট্টগ্রামের বাড়িতে আয়োজন করা হবে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন তারা। 

আশিকুর রহমানের ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় নায়িকা হিসেবে অভিষিক্ত হন মারজান জেনিফা। ২০১৬ সালের এপ্রিল মাসে মুক্তি পায় সিনেমাটি। নিজের প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। অন্যদিকে ‘মুসাফির’ সিনেমার মাধ্যমেই ঢাকাই সিনেমায় প্রযোজক হিসেবে আত্নপ্রকাশ করেন একটি ইংরেজী দৈনিক পত্রিকার সম্পাদক জোবায়ের আলম।