আড়াইশ কোটির পথে ‘কাবালি’
মুক্তির মাত্র পাঁচদিনের মাথায় প্রায় আড়াইশো কোটি রুপি আয়ের রেকর্ড গড়লো রজনীকান্ত অভিনীত ‘কাবালি’। মাত্র পাঁচ দিনে ২৪৬ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।মুক্তির আগেই স্যাটেলাইট, সংগীত, টিভি রাইট ইত্যাদি দিয়ে ২০০কোটি রুপি ঘরে তোলে সিনেমাটি।
তিনিই যে ভারতীয় সিনেমার সব চেয়ে বড় তারকা, সেটা আবারও প্রমাণ করলেন রজনীকান্ত। যাবতীয় রেকর্ড তছনছ করে নতুন রেকর্ড গড়েছে তার ছবি 'কাবালি'।সিনেমাটি তামিল ব্লকবাসটার ‘বাহুবলি’, আমির খান-এর ‘পিকে’,সালমান খান-এর ‘সুলতান’ ইত্যাদি সিনেমার রেকর্ড খুব দ্রুতই ভেঙ্গে ফেলবে বলে ধারন করা হচ্ছে।
ছবি মুক্তির প্রথম দিনই বক্স অফিসে ‘সুলতান’-এর রেকর্ড ভেঙে দিয়েছিল ‘কাবালি’। দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া সালমান অভিনীত সিনেমাটি প্রথম দিনেই ব্যবসা করেছিল ৩৬ কোটি ৫ লাখ রুপি। ‘কাবালি’ সেখানে সুলতানকে ছাপিয়ে ব্যবসা করেছে ৪৮ কোটি রুপি।
সিনেমার সাফল্যে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রজনী। ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, “আমি কাজের জন্য দেশের বাইরে আছি। শুনেছি ‘কাবালি’ মুক্তির দিন দর্শকেরা আনন্দের সাথে ছবিটিকে গ্রহন করেছে। আমি পরিচালক, প্রযোজক,কলাকুশলী এবং দর্শকদের ধন্যবাদ জানাই।”
দর্শকেরা সাদরে গ্রহণ করলেও সমালোচকদের মন অবশ্য ভরাতে পারেনি সিনেমাটি। রজনীকান্তের অভিনয় ছাড়া আর কোনও চমক না থাকার অভিযোগ এসেছে তাদের কাছ থেকে। কাহিনির ভিতও বেশ নড়বড়ে। খুব দ্রুতই সিনেমার ব্যবসা পরে যাওয়ার আশংকা করছেন অনেক হল মালিক। এখন রজনী ম্যাজিকে কতদূর এগোতে পারে ‘কাবালি’, দেখার বিষয় সেটাই।
