ফিরছে ‘খলনায়ক’
নব্বইয়ের দশকের জনপ্রিয় সিনেমা ‘খলনায়ক’ আবারও ফিরছে পর্দায়। সিনেমাটির সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’-এ মূল চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকেই।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে খবরটি নিশ্চিত করেছেন আগের সিনেমাটির পরিচালক সুভাস ঘাই নিজেই।
তিনি বলেন, “ বাল্লু বলরাম বিশ বছর পর জেল থেকে মুক্তি পাবে এই সিনেমাতে। চিত্রনাট্য প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এরপর বাকি অভিনেতা অভিনেত্রীদের নাম প্রকাশ করা হবে। এর জন্য আমরা একজন তরুণ পরিচালকের খোঁজ করছি।”
শোনা যাচ্ছিল, সিনেমাটির মাধ্যমে পরিচালকের আসনে প্রথমবারের মতো বসবেন নতুন জ্যাকি শ্রফ তনয় টাইগার শ্রফ। তবে এই খবরকে স্রেফ গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন সুভাস। তার পাশাপাশি সিনেমাটির অন্যতম প্রযোজ হিসেবে থাকবেন সঞ্জয় দত্ত নিজেই।
১৯৯৩ সালের অ্যাকশন-থ্রিলার ‘খলনায়ক’ ছবিতে ‘বাল্লু বলরাম’ চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। তার সহশিল্পী ছিলেন মাধুরি দিকশিত ও জ্যাকি শ্রফ। সুভাষ ঘাই পরিচালিত ছবিটি ওই বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় নাম লেখায়। প্রায় বাইশ কোটি রুপি আয় করা এই সিনেমার ‘চোলি কি পিছে কেয়া হ্যায়’ ও ‘নায়ক নেহি খলনায়ক হু ম্যায়’ গানদুটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে।
সিনেমার পাশাপাশি বাস্তব জীবনেও এই সময়েই মাধুরির সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিলো সঞ্জয় দত্তের। যদিও গণমাধ্যমে বিষয়টি তারা দুজনই এটি এড়িয়ে গেছেন সবসময়।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৭ সালেই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
