ঢাকায় 'ফাইন্ডিং ডোরি'
মুক্তি পেয়েই সাড়া ফেলে দেওয়া ডিজনি-পিক্সারের নতুন অ্যানিমেটেড সিনেমা ‘ফাইন্ডিং ডোরি’ এবার মুক্তি পাচ্ছে ঢাকাতেও। শুক্রবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স-এর স্টার সিনেপ্লেক্স-এ শুরু হবে সিনেমাটির প্রদর্শনী।
অ্যানিমেটেড সিনেমার ইতিহাসের অন্যতম সফল সিনেমা 'ফাইন্ডিং নিমো'র সিকুয়াল হল এই সিনেমা। ১৭ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘ফাইন্ডিং ডোরি’।
ছোট্ট নিমোকে খুঁজে বের করতে প্রতিকূল সমুদ্রে তার বাবার অভিযানের গল্প ছুঁয়ে গিয়েছিল সিনেমাপ্রেমীদের হৃদয়। তারই ধারাবাহিকতায় এবার ১৩ বছর পরে মুক্তি পেল ‘ফাইন্ডিং ডোরি’।
নিমোকে খোঁজার অভিযানে তার বাবার সঙ্গী হয়েছিল ডোরি নামের এক ব্লু ট্যাং ফিশ। এবারের গল্প ভুলোমনা সেই ডোরিকে নিয়েই, যার স্মৃতির আয়ু মাত্র ১০ সেকেন্ড!
ছোটবেলতেই নিজের পরিবারকে হারানো ডোরি শুধু এটুকুই জানে, তার বন্ধু নিমো এবং মারলিনের সহযোগিতায় তার পরিবারের খোঁজ পাওয়া সম্ভব। সেই বিশ্বাসেই শুরু হয় তাদের নতুন অভিযান, ঘুরতে ঘুরতে তারা হাজির হয় মন্টারি মেরিন লাইফ ইন্সটিটিউটে। নতুন মোড়ে বাঁক নেয় তাদের অভিযান।
'টয় স্টোরি', 'দ্য ইনক্রেডিবলস', 'মনস্টারস ইঙ্ক.' এবং 'ফাইন্ডিং নিমো'র মত পিক্সারের সাড়া জাগানো সিনেমার গল্পকার এবং অ্যানিমেশন বিশেষজ্ঞ অ্যান্ড্রু স্ট্যান্টন ও অ্যাঙ্গাস ম্যাকলেইন দায়িত্ব পালন করেছেন সিনেমার পরিচালক হিসেবে।
উদ্বোধনী সপ্তাহেই ‘ফাইন্ডিং ডোরি’ আয় করে নিয়েছে ১৩ কোটি ৬২ লক্ষ মার্কিন ডলার। দর্শক এবং সমালোচক- দুই মহল থেকেই ভূয়সী প্রশংসা পেয়েছে সিনেমাটি। শুধু তাই নয়, অ্যানিমেটেড সিনেমার ইতিহাসে এখন এটিই মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা সিনেমা।
