২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা নিয়ে প্রতিযোগিতা!

শৈশবের রোজা মানেই পাড়ার বন্ধুদের সঙ্গে প্রতিযোগীতা- কে কয়টা রোজা রাখতে পেরেছে! মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল-এর ছোটবেলার রমজান মাসগুলো কেটেছে এভাবেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 06:48 PM

Updated : 25 Jul 2022, 09:27 PM

“ সেই সময়ে আমার সমবয়সী বন্ধু ও কাজিনদের মধ্যে রোজা রাখা নিয়ে চলতো তুমুল প্রতিযোগিতা। কে কার চেয়ে বেশি রোজা রাখতে পারে এটা ছিলো প্রতিযোগিতার মূল বিষয়।”

ছোটবেলার স্মৃতি হাতড়ে রোবেল আরও বলেন, “সেই সময় বন্ধু মহলে নিজের ইমেজ রক্ষা ছিল অনেক বড় একটা বিষয়। আমি যদি একটা বড় রোজা রাখতাম তাহলে দেখা যেতো ওরা তিনটা করে বড় রোজা রাখছে। তখন আমার মনের ভিতরে কাজ করতো যে করেই হোক আমাকে ওদের চেয়ে বেশি রোজা রাখতেই হবে।”

“ওদের থেকে আমার মনের জোর বেশি, গায়ের জোরও বেশি- এটা প্রমাণ করতে হবে। তাই ওরা দুটো রোজা রাখলে আমি তিনটে রোজা রাখতাম। ওরা যদি পাঁচটা রোজা রাখে তাহলে আমি সাতটি রোজা রাখতাম। বলতে গেলে পুরো রোজা ধরেই নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা চলতো।”

বন্ধুদের সামনে রোজা নিয়ে অনেক হম্বিতম্বি করলেও সব জারিজুরি ফাঁস হয়ে যেত বাড়িতে এলেই। দুপুর থেকেই ইফতার কখন হবে- এই আশায় ঘড়ি দেখা শুরু হতো ছোট্ট নোবেল-এর।

তিনি বলেন, “দুপুরের পর থেকেই ঘড়িতে কেবল সময় দেখতাম। আম্মাকে কিছুক্ষন পর পরেই জিজ্ঞেস করতাম পানি খেতে পারবো কিনা। তখন মা-খালারা বলতেন, ‘আর বেশিক্ষন নেই, কিছুক্ষন পরেই আমরা সবাই ইফতার করবো।’ তখন মনে হতো ‘উফ! ইফতারের সময় হচ্ছেনা কেন? আর কতক্ষন বাকী?”

তবে ইফতারের সময় হলে পানি আর সরবত খেয়েই নাকি পেট ভরে যেত নোবেল-এর।

“ইফতারের সময় মনে হতো টেবিলের যত খাবার রয়েছে সবগুলো আমি একাই খেয়ে ফেলবো। কিন্তু সারা দিন রোজা রাখার পরে ইফতারে শরবত ও পানি খেয়েই অস্থির হয়ে যেতাম। তাই আমার নিজের খাবারটাই আমি খেয়ে শেষ করতে পারতাম না!”

মিডিয়ায় কাজের চাপে অনেকেই যখন পরিবারকে সময় দিতে পারেন না, নোবেল কিন্তু ঠিকই নিয়ম করে এখনও সেহেরি আর ইফতারটা ঘরেই সারেন।

“আগেও আমরা সবাই পরিবারের সাথেই সেহেরি আর ইফতার করতাম। এখনও, কাজের অনেক ব্যস্ততা থাকলেও বেশিরভাগ সময় পরিবারের সঙ্গেই সেহেরি আর ইফতার করি।”

নব্বইয়ের দশকে মডেলিং জগতে এসেই খ্যাতির আলো নিজের করে নেন নোবেল। তখনকার সময়ে সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে নোবেলের জুটির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বি। পরবর্তীতে টিভি নাটকে অভিনয়েও ক্যারিয়ার গড়ে তোলেন তিনি।