সালমানের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা টু’তে ফিরছেন আমির?
‘আন্দাজ আপনা আপনা’র কথা মনে আছে? যেখানে একসঙ্গে শেষ দেখা গেছে দুই খান—আমির এবং সালমানকে? নতুন খবর হল, আবারও বন্ধুর সঙ্গে সেই চরিত্রে ফিরতে চান আমির।
রাজকুমার সান্তোশি পরিচালিত ‘আন্দাজ আপনা আপনা’ আজও খান ভক্তদের জন্য ‘ডাবল ট্রিট’। এরপর আর এক সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি দুই সুপারস্টারকে। তবে সাম্প্রতিক সময়ে জোরেশোরে শোনা যাচ্ছে, সিকুয়াল আসতে পারে সিনেমাটির।
‘আন্দাজ আপনা আপনা টু’ নির্মাণের কাজ হাতে নিয়েছেন ‘কুইন’ খ্যাত পরিচালক ভিকাস বেহেল এবং বিক্রমাদিত্য মোটওয়ানি। যদিও সিকুয়ালে নতুন প্রজন্মের তারকাদের নেয়ার খবরই ভাসছে বাতাসে, তবে আমির জানালেন, চিত্রনাট্য ভাল হলে সালমানের সঙ্গে এই সিকুয়ালে অভিনয় করতে রাজি তিনি।
“সালমানের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা টু’তে কাজ করতে আমার খুব ভাল লাগবে। যদি চিত্রনাট্য ভাল হয়, আমরা অবশ্যই কাজ করবো। সালমানের সঙ্গে আবারও কাজ করতে চাই, তবে দরকার সঠিক চিত্রনাট্য। আমার বিশ্বাস সালমানেরও আপত্তি থাকবে না।” বৃহস্পতিবার এনডিটিভিকে বলেন আমির।
কমেডি ধাঁচের সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’তে আমির-সালমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় নায়িকা কারিশমা কাপুর এবং রাভিনা ট্যান্ডন।
এছাড়াও সিনেমাতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। ওদিকে হিন্দি সিনে জগতের অন্যতম আইকনিক চরিত্র ‘ক্রাইম মাস্টার গোগো’র ভূমিকায় ছিলেন শক্তি কাপুর।
সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। ওই বছর খুব একটা সাড়া জাগাতে না পারলেও পরবর্তী প্রজন্মের কাছে ‘কাল্ট হিট’-এর মর্যাদা পায় সিনেমাটি। বিশেষ করে ২০০০ পরবর্তী সালগুলোতে ডিভিডি বিক্রির সংখ্যায় এই সিনেমাটিই অবস্থান করছে শীর্ষে।
