‘বাদশা’র টিজারে ফারিয়া কোথায়?
দীর্ঘ অপেক্ষার পর ১৪ জুন প্রকাশিত হল যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা-দ্য ডন’এর টিজার ট্রেইলার। ৫০ সেকেন্ডের টিজারে বাংলাদেশি নায়িকা নুসরাত ফারিয়াকে খুঁজতে গিয়ে বেগ পোহাতে হয়েছে বাংলাদেশি দর্শকদের।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘বাদশা’ নির্মিত হয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায়। এতে প্রথমবারের মতো টালিগঞ্জের জনপ্রিয় নায়ক জিত গাঙ্গুলির সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া।
গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে এরই মধ্যে দুই বাংলায় পরিচিতি পেয়েছেন ফারিয়া। নতুন সিনেমায় জিতের বিপরীতে তার উপস্থিতি কেমন হবে, তা জানার জন্য এখন মুখিয়ে আছেন ভক্তরা। আর সেজন্যই পুরো টিজারে জিতের উপস্থিতি তুলে ধরা হয়েছে রাজসিকভাবে। ওপার বাংলার গণ্ডি পেরিয়ে নিজের দাপুটে আবির্ভাব জানান দিতে এসেছেন বাংলাদেশে--টিজারে এমন বার্তাই যেন দিতে চেয়েছেন নির্মাতা।
তবে শুরুতেই ভক্তদের হতাশ করেছে ‘বাদশা’র টিজার। আধ মিনিটের টিজারের পুরোটা সময়ই ছিল জিতের ‘নায়কগিরি’তে ভরপুর, শুধু দুই সেকেন্ডের জন্য চোখে পড়েছে ফারিয়াকে। 'জাজ মাল্টিমিডিয়া'র নিয়মিত মুখে পরিণত হওয়া এই নায়িকার সঙ্গে জিতের কোনো দৃশ্যের অংশ বিশেষও চোখে পড়েনি পুরো টিজারে। এক ঝলক তাকে দেখিয়েই ক্যামেরা ঘুরে গেছে মারকুটে জিতের দিকে।
১৪ জুন প্রকাশ পাওয়া ইউটিউবে 'বাদশা'র টিজার দেখেছেন প্রায় ৫৫ হাজার ইউটিউব ব্যবহারকারী। টিজারটি ‘লাইক’ করেছেন ৫৫৯ জন, আর অপছন্দের তালিকায় রেখেছেন ৭২ জন।
মন্তব্যের ঘরেও দেখা গেছে আলোচনা-সমালোচনা। কেউ বাংলাদেশি সিনেমায় জিতের অভিনয় করা নিয়ে প্রকাশ করেছেন উচ্ছ্বাস, আবার অনেকেই ক্ষুব্ধ টিজারে নুসরাত ফারিয়াকে এড়িয়ে যাওয়া নিয়ে। এমনকি 'বাদশা-দ্য ডন'এর পোস্টারেও ছিলেন জিত একাই।
একজন লিখেছেন, "কি লজ্জা ,পুরা ট্রেইলারে মাত্র এক সেকেন্ড আছে নায়িকা।"
শুধু নুসরাত ফারিয়াই নন, চোখে পড়েনি কোনো গুরুত্বপূর্ণ বাংলাদেশি চরিত্রও। এনিয়ে বিস্তর সমালোচনা চলেছে মন্তব্যের ঘরে।
একই সময়ে মুক্তি পাচ্ছে এই প্রোডাকশনের আরেকটি সিনেমা ‘শিকারি’, যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার ‘সুপারস্টার’ শাকিব খান এবং টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তি চ্যাটর্জি।
এখন ‘শিকারি’ ও ‘বাদশা’র মধ্যে দর্শকপ্রিয়তার পাশাপাশি ব্যবসা সফল কোনটা হবে সেটাই দেখার বিষয়।
এসকে মুভিজ-এর বাবা যাদবের পরিচালনায় 'বাদশা-দ্য ডন' সিনেমাটি মুক্তি পাবে এই ঈদে।
