কাকলীর প্রথম একক অ্যালবাম ‘জলপ্রহরে’র মোড়ক উন্মোচন
গানের জগতে বিচরণ অনেকদিনের, একক অ্যালবাম প্রকাশ করবেন বলে প্রস্তুতিও নিয়েছিলেন; নানা প্রতিবন্ধকতায় অ্যালবামটি প্রকাশ করতে পারেননি শিল্পী দিলশাদ নাহার কাকলী।
তাড়াহুড়ো করতে না চাওয়া কাকলী সময়ের গুণী কোনো সংগীত পরিচালকের সংগীতায়োজনে নিজের মনের মতো ছয়টি মেলোডিয়াস গান দিয়ে প্রথম অ্যালবাম সাজানোর দিন গুণছিলেন।
অবশেষে তার স্বপ্নপূরণ হল; প্রকাশনা সংস্থা সংগীতার ব্যানারে প্রকাশিত হল কাকলীর প্রথম একক অ্যালবাম ‘জলপ্রহরে’, যাতে সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।
মঙ্গলবার বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদর দপ্তরে ‘জলপ্রহরে’ অ্যালবামটির মোড়ক উন্মোচন হয়েছে।
মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন সংগীতাঙ্গনের জনপ্রিয় সব শিল্পীরা; এসেছিলেন সুরকার, সংগীত পরিচালক আলম খান, শেখ সাদী খান, নজরুলসংগীতশিল্পী এম এ মান্নান ও শাহীন সামাদ, ফেরদৌস ওয়াহিদ, বাপ্পা মজুমদার, আগুন, আঁখি আলমগীর, আলম আরা মিনু।
অনুষ্ঠানের ফাঁকে কাকলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন তার গানের জগতে আসার গল্প।
রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বাবা আনোয়ার হোসেন ও মা কবি শামসুন নাহারের অনুপ্রেরণায় গান গাইতে শুরু করেন কাকলী। বাংলাদেশ বেতারের শিল্পী জাহিদ আনোয়ারের হাতে হাতেখড়ির পর প্রশিক্ষণ নিয়েছেন অনিল বরণ চৌধুরী ও মেজবাহউদ্দিন আহমেদের কাছে।
প্রকাশনা অনুষ্ঠানের আগে কাকলীর গান শুনেছেন সংগীতের কিংবদন্তী আলম খান ও শেখ সাদী খান।
শেখ সাদী খান বলেন, “আমরা কাকলীকে যদি আরও আগে পেতাম! কাকলীকে গানের জগতে স্বাগত।”
আলম খান বলেন, “সংগীত জগতে আরও একজন নতুন শিল্পীর আবির্ভাব হল। আমি চাই, কাকলী একদিন এদেশের শীর্ষস্থানীয় শিল্পী হবে।”
‘জলপ্রহরে’ নামকরণে ‘ভীষণ মুগ্ধ’ হয়েছেন ফেরদৌস ওয়াহিদ।
“কাকলীর জন্ম হয়েছে এক সংগীতপ্রেমী পরিবারে। কাকলীর নাম একদিন সারা বাংলাদেশের মানুষের মুখে ছড়িয়ে পড়বে।”
শাহীন সামাদ বলেন, “এখন সংগীতাঙ্গনের যে অবস্থা, তাতে নতুন শিল্পীর খুব দরকার। কাকলী খুব দ্রুতই শ্রোতাপ্রিয়তা পাবেন বলে আমার বিশ্বাস।”
আঁখি আলমগীর বলেন, “প্রথম অ্যালবাম বের করেছেন কাকলী। কিন্তু গানগুলো শুনে আমার মনে হল, এ কোনো নতুন শিল্পীর গান নয়। পুরোদস্তুর পেশাদার শিল্পীর মতোই পরিপক্বতা তার গানে।”
কাকলীর অ্যালবাম প্রকাশনায় তার স্বামী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন। ফটোসেশন পর্বে অংশ নেওয়া ছাড়া স্ত্রীর অ্যালবাম নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রকাশনা সংস্থা সংগীতার প্রধান নির্বাহী কর্মকর্তা রবিন খান ও মোহনা টিভির পরিচালক রাশেদা আক্তার উপস্থিত ছিলেন।
