গানেই ব্যস্ত পার্থ বড়ুয়া
অভিনয় নিয়ে একসময় ব্যস্ত হয়ে পড়লেও এবার গানেই ফিরতে চাইছেন ‘সোলস’ খ্যাত পার্থ বড়ুয়া। জানালেন, সোলস-এর নতুন অ্যালবাম আসছে চলতি বছরেই।
ঈদে যখন অন্যান্য অভিনয়শিল্পীরা ব্যস্ত বিভিন্ন নাটকের শুটিংয়ে, সেখানে পার্থ বেছে নিয়েছেন মাত্র একটি নাটক।
আশফাক নিপুনের পরিচালনায় 'খুঁটিনাটি খুনসুটি'র সেটে তাই পার্থ বললেন, ” “গানের জগতেরই মানুষ তিনি।”
নাটকের বাইরে এসে এখন শুধু গান আর নিজের ব্যান্ড 'সোলস' নিয়েই চিন্তাভাবনা করছেন পার্থ। জানালেন, ঈদুল আজহাতেই আসছে নতুন অ্যালবাম।
"এরই মাঝে তিনটা গান করা হয়ে গেছে। কোরবানির ঈদেই আশা করি অ্যালবাম প্রকাশ করতে পারবো।"
চলতি বছরের এপ্রিলেই নিজেদের নতুন গান ‘চাই চাই চাই’ ইউ টিউবে প্রকাশ করে সোলস। শেখ রানার কথায় গানটিতে সুর দিয়েছেন পার্থ নিজেই। এরমধ্যেই গানটি অর্জন করেছে জনপ্রিয়তা।
নব্বইয়ের দশকে ব্যান্ড জগতের অন্যতম জনপ্রিয় তারকা পার্থ বড়ুয়া হঠাৎ করেই যেন হয়ে উঠেছিলেন নাটকের জগতের বাসিন্দা। এখন, ছোট পর্দার নিয়মিত এই মুখ চাইছেন, নাটক নিয়ে ব্যস্ততা আর নয়।
ঠিক কী কারণে নাটকে অভিনয় কমিয়ে দিতে চাইছেন, এমন প্রশ্নের জবাবে পার্থ বললেন, "করলাম তো অনেক নাটক, এখন আমি গান নিয়েই আছি। আর আমি তো নাটকের লোক নই। যখন নাটক করতে যাই, ভালো কিংবা বিশেষ কাজ হলেই নাটক করা শ্রেয়। অনেক চিন্তাভাবনা করে দেখলাম, নাটক করাটা অনেক কষ্টকর। অনেক ফিজিকাল হ্যাজার্ড আছে। গান করি, গানে থাকাই ভালো।"
গতবছরের ঈদে শেষ নাটক করেছিলেন আশফাক নিপুনের পরিচালনাতেই, অপি করিমের বিপরীতে 'অবাক ভালোবাসা'য়। এবারের নাটকটিতেও তার সহশিল্পী অপিই।
অপির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, "সহকর্মী হিসেবে অপি অসাধারণ, ওর কোনো তুলনাই নেই। কী করে যেন, আমি আর ও একসঙ্গে কাজ করলে মোটামুটি আমাদের মাঝে একটা ভালো বোঝাপড়া দাঁড়িয়ে যায়।"
অবশ্য ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দাতেও নাম লিখিয়েছেন তিনি। অমিতাভ রেজা চৌধুরি পরিচালিত 'আয়নাবাজি' সিনেমায় অভিনয় করেছেন তিনি।
জানালেন সে অভিজ্ঞতার কথাও, "পুরো দলে পরিচালক বাংলাদেশের অন্যতম সেরা, চিত্রগ্রাহক অন্যতম সেরা। অসাধারণ একটা গল্প। সব মিলিয়ে পুরো কলাকুশলীর দলটাই ভালো। আমি আমারটা চেষ্টা করেছি, বাদ বাকিটা নির্ভর করবে দর্শকদের বিচারের উপর।"
ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় থিতু হওয়ার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে পার্থ জানালেন, কেবলমাত্র মানসম্পন্ন কাজের ক্ষেত্রেই সিনেমার প্রস্তাবে সাড়া দেবেন তিনি। কারণ নিজের সকল মনযোগ এখন গানেই দিতে চান।
