হৃত্বিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন সুজান
তারকা দম্পতি হৃত্বিক রোশান এবং সুজান খানকে ধরা হত প্রেমের আদর্শ হিসেবে, কিন্তু ১৪ বছর পর হঠাৎ তাদের বিচ্ছেদ চমকে দিয়েছিল সবাইকে। অবশেষে সুজান জানালেন, কেন তিনি নিয়েছিলেন এই সিদ্ধান্ত।
২০১৩ সালের শেষের দিকে এই দম্পতি ঘোষণা দেন তাদের বিচ্ছেদের, খবরটি শুনে ভক্তদের পাশাপাশি অনেক তারকাও নিজের দুঃখ প্রকাশ করতে দ্বিধা করেননি। হৃত্বিক জানিয়েছিলেন, সিদ্ধান্তটা সম্পূর্ণ সুজানের পক্ষ থেকে নেয়া।
কিন্তু কেন এতদিনের সংসারে ভাঙনের সিদ্ধান্ত নিলেন সুজান, তা জানা যায়নি দু’বছরেও। অবশেষে মুখ খুলেছেন তিনি।
পেশায় ইন্টেরিয়র ডিজাইনার সুজান সম্প্রতি ফেমিনা ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, “আমরা জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, যখন আমার মনে হয়েছে আমাদের একসঙ্গে না থাকলেই ভাল হবে। একটি মিথ্যা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। আমরা এখন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আছি।”
হৃত্বিক এবং সুজানের একসঙ্গে আছে দুই ছেলে, ১০ বছর বয়সী হৃহান এবং ৮ বছরের হৃদান। সুজানের ভাষ্যে, বিচ্ছেদ তাদের সন্তানদের সঙ্গে বোঝাপড়ায় কোন সমস্যা সৃষ্টি করেনি।
“আমি আর হৃত্বিক প্রায়ই কথা বলি, যদিও একসঙ্গে ঘুরে বেড়াই না আগের মত। সবচেয়ে বড় কথা, বাচ্চাদের ব্যাপারে আমরা দুজনই খুব সচেতন। আমরা একে অপরের প্রতি সম্মানটাও বজায় রেখেছি। যখন বাচ্চাদের প্রসঙ্গ আসে, তখন নিজেদের মধ্যেকার দূরত্ব এক পাশে সরিয়ে ওদের গুরুত্ব দেয়াই শ্রেয়।” বলেন সুজান।
চলতি বছরের এপ্রিলে যখন অভিনেতা কাঙ্গানা রানাউতের সঙ্গে রেষারেষি চলছিল হৃত্বিকের, তখন তার সমর্থনে এগিয়ে এসেছিলেন সুজান। যা দেখে অনেকেই ভেবেছিলেন, হয়ত পুনর্মিলন হওয়ার সম্ভাবনা আছে এই সাবেক দম্পতির।
তবে আশার আলো ফোটার আগেই তা নিভিয়ে দিয়েছেন সুজান নিজে। সাফ জানিয়ে দেন, ফেলে আসা পথে আর হাঁটবেন না তিনি।
এদিকে হৃত্বিক এখন ব্যস্ত নতুন সিনেমা ‘মহেঞ্জো দারো’ নিয়ে, যা মুক্তি পাবে ১২ অগাস্ট। এছাড়া তার হাতে আছে ‘কাবিল’, ২০১৭ সালে মুক্তি পাবে সিনেমাটি।
