২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নায়িকা হলে কি মর্যাদা ক্ষুণ্ন হবে?’

নায়িকা হিসেবে নয়, বরং মুক্তির অপেক্ষায় থাকা 'রাঙ্গুন' সিনেমায় কাঙ্গানা রানাউত নিজেকে দাবি করেছেন ‘নায়ক’ হিসেবে। তবে তার সহ-অভিনেতা শাহিদ কাপুর ভিন্ন মতই পোষণ করছেন। ‘ডিএনএ’ কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশ্ন করেছেন, নায়িকা হতেই বা সমস্যা কোথায়?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 02:39 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

বলিউডে নায়ক-নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে সবসময়েই সরব ভূমিকা পালন করে এসেছেন ২৯ বছর বয়সি কাঙ্গানা। আর সেজন্যই কিনা নায়কদের সমান কাতারে আসার জন্য নিজেকে একজন 'নায়ক' হিসেবে দেখতে চাইছেন। 'রাঙ্গুন' সিনেমার সহ-অভিনেতা শাহিদ পালটা জানতে চান, "কেনো তিনি বললেননা সিনেমাতে তিনজন নায়িকা রয়েছে? নায়িকা হলে কি মর্যাদা ক্ষুণ্ণ হবে?"

'ডিএনএ' কে দেওয়া এই সাক্ষাৎকারে কাঙ্গানার মতামতের বিপরীতে শাহিদ বলেন, ‘সিনেমায় তিনজন কেন্দ্রীয় চরিত্র রয়েছে, এবং আমার কাছে, নায়ক কিংবা নায়িকা হওয়াটা কোনো পার্থক্য সৃষ্টি করেনা। তাই, যদি আপনি বলতে চান নায়ক সাজলে আপনার ব্যক্তিত্ববোধ বেড়ে যায়, আমি এ ধরনের চিন্তাভাবনার সঙ্গে একেবারেই একমত নই।’

পারিশ্রমিক বিতর্ক নিয়েও নিজের খোলাখুলি মতামত জানিয়েছেন ৩৫ বছর বয়সি শাহিদ।

তিনি বলেন, "আয়ের অঙ্ক নির্ভর করে একজন ব্যক্তির বাজারদরের উপর। আমি নিজেও এখানে বসে অভিযোগ করতে পারি যে অন্যান্য অভিনেতার চাইতে আমি কম অর্থ পাচ্ছি।"

প্রসঙ্গত, 'কুইন' এবং 'তানু ওয়েডস মানু রিটার্ন্স' এর তুমুল সাফল্যের পর নিজের দাম বাড়িয়ে ১১ কোটি রূপি করেছেন কাঙ্গানা। এছাড়াও 'রাঙ্গুন' সিনেমায় পারিশ্রমিক হিসেবে নিয়েছেন তার দুই সহ-অভিনেতা সাইফ আলী খান এবং শাহিদ কাপুরের সমপরিমাণ অর্থ।

নিজের পারিশ্রমিক নিয়ে কোনো ধরনের অভিযোগ রাখতে চাননা শাহিদ, আর সে কারণ হিসেবে জানালেন, তার সিনেমাগুলো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থেই বক্স অফিসে বিক্রি হয়।

তিনি বলেন, "আমার সিনেমা যেখানে একটি নির্দিষ্ট অর্থে বিক্রয় হয়, সেখানে অন্যান্য অভিনেতাদের ভিন্ন অর্থে বিক্রয় হয়। নিঃসন্দেহে, ঘটনা এখানে নয় বরং দর্শক সিনেমা দেখবে সিনেমার গল্পের জন্য, হোক না সেটা পুরুষ কিংবা নারী কেন্দ্রিক। কিন্তু যদি কেউ নিজের সামর্থ্য অনুসারে সঠিক পারিশ্রমিক না পান, তবে তখনই এটা একটি সমস্যা হয়ে দাঁড়াবে।"

জনপ্রিয় ক্লাসিক হলিউড সিনেমা 'ক্যাসাব্লাঙ্কা' থেকে অনুপ্রেরিত 'রাঙ্গুন'-এর প্রেক্ষাপট চল্লিশের দশকে ভারত, যেখানে কাঙ্গানা অভিনয় করেছেন একজন তারকা অভিনেত্রীর চরিত্রে। সাইফ আলী খান রয়েছেন পরিচালক আর শাহিদ রয়েছেন একজন সৈন্যের ভূমিকায়।

ভিশাল ভারদোয়াজ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে এ বছরের অক্টোবরে।