২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছোটবেলায় দিনে দুটি করে রোজা রাখতাম’

চলে এসেছে পবীত্র রমজান মাস। বিশ্বের সর্বস্তরের মুসলমানদের সঙ্গে সিয়াম সাধনার এই ব্রতে যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 02:37 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

রোজা রাখা নিয়ে সাধারণ মানুষদের মতোই, তারকাদেরও রয়েছে মজার কিছু স্মৃতি। গ্লিটজ-এর পাঠকদের জন্য এবার সেরকমই এক মজার স্মৃতি ভাগাভাগি করে নিয়েছেন মডেল এবং অভিনেতা এবিএম সুমন।

শৈশব থেকে নিয়মিত রোজা রাখার অভ্যাস গড়ে না উঠলেও রোজা রাখার চেষ্টা সবসময়ই করেছেন এবিএম সুমন। কিন্তু কখনোই এই চেষ্টায় সফল হতে পারতেন না তিনি!  

সমঋতির পাতা উল্টিয়ে ছেলেবেলার সেই দিনগুলির কথা মনে করে তিনি বলেন,  “আমি যখন খুবই ছোট ছিলাম, তখন ভোরবেলা ঘুম থেকে উঠে রোজা রাখার জন্য মা-বাবার সাথে সেহেরি করতাম। কারণ একটাই, আমাকে মা-বাবার মতো ‘বড়দের রোজা’ রাখতে হবে।”

কিন্তু সকাল গড়িয়ে দুপুর এলেই বাঁধতো বিপত্তি।

“দুপুর হতে না হতেই তখন আমার প্রচন্ড খিদে পেতো। কিন্তু আমি মুখে কিছুই বলতাম না। আমার এমন কষ্ট দেখে তখনিআমার মা আমাকে জোর করে খাবার খাইয়ে দিয়ে বলতেন বাবা ছোটদের প্রতিদিন দুটো করে রোজা রাখতে হয়। তুমি এখন ইফতার করো। এখন ইফতার করলেই তোমার একটা রোজা হয়ে যাবে!”

বাবা-মা দুজনই ছোট্ট সুমনকে দিনে ‘দুটি করে রোজা’ রাখতে উৎসাহ দিতেন।

এব্যাপারে তিনি বলেন, “ আমার বাবাও মায়ের সঙ্গে সুর মিলিয়ে আমার কষ্ট দেখে একই কথা বলতেন। কিন্তু আমার তো একটাই কথা ছিলো আমি বড়দের রোজা রোজা রাখবো। তখন মা আমাকে অনেক বুঝিয়ে দুপুরের খাবার খাওয়াতেন আর বলতেন বাবা তোমার একটা রোজা হয়ে গিয়েছে।”

ছেলেবেলার সেইসব দিন মনে করে এখনও হাসি পায় বলেই জানালেন সুমন।

“বড় হয়ে যখন বুঝতে শিখলাম তখন সেই ঘটনাগুলো খুবই হাস্যকর লাগতো। এখন বড় হয়ে প্রতিবছর যখন রোজা রাখি তখন সেই ঘটনাগুলো মনে পড়লে খুবই হাসি পায়।”

মডেলিং জগতের পরিচিত নাম এবিএম সুমন। তিন বছর ধরে র‌্যাম্প ও টিভি বিজ্ঞাপনে কাজ করার পর ২০১৫ সালে ‘অচেনা হৃদয়’ দিয়েঢাকাই সিনেমায় অভিষিক্ত হন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রসূন আজাদ।

চলতি বছরে মুক্তি পেয়েছে তার অভিনীত আরেকটি সিনেমা ‘রুদ্র- দ্য স্টোরি অফ এ গ্যাংস্টার’। এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।

এছাড়াও তিনি কাজ করছেন দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায়। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।