২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও প্রেম করছেন ক্রিস্টেন-রবার্ট?

দীর্ঘ চার বছরের সম্পর্কের পর হঠাতই ভেঙ্গে গিয়েছিল দুই টোয়াইলাইট তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট এবং রবার্ট প্যাটিনসনের সম্পর্ক। কিন্তু বাতাসে জোর গুঞ্জন, নিজেদের ভাঙ্গা সম্পর্ক নাকি ঠিকই জোড়া লাগিয়ে ফেলেছেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 06:24 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি কফি হাউজে দুজনকে কফি খেতে দেখা গেছে একসঙ্গে, জানিয়েছে হলিউড লাইফ।

এ বছরের মার্চে জানা যায়, ক্রিস্টেন সম্পর্ক জুড়েছেন ফ্রেঞ্চ সংগীত তারকা এবং অভিনেত্রী সোকোর সঙ্গে। কিন্তু সে সম্পর্ক টিকলো না দু মাসের বেশি, তার ইতি টেনেছেন ২৬ বছর বয়সী ক্রিস্টেন নিজেই।

ঘনিষ্ঠ এক সূত্র বলছে, 'মেট গালা'য় অংশ নিয়ে সাবেক প্রেমিক রবার্টকে দেখে পুরোনো প্রেম আবার চাঙ্গা হয়ে ওঠে এই দুই তারকার মধ্যে। সেই ধারাবাহিকতায় সোকোর সঙ্গে সম্পর্কের ইতি টানেন ক্রিস্টেন।

রবার্ট প্যাটিনসনের কাছ থেকে যা পেয়েছিলেন ক্রিস্টেন, তা উপস্থিত ছিল না সোকোর মাঝে- এমনটাই জানিয়েছে সূত্র।

হলিউড লাইফের বরাত দিয়ে সে সূত্র বলছে, "রবার্টকে মেট গালায় দেখার পর তিনি বুঝতে পেরেছেন কারও সঙ্গেই সেই গভীর সম্পর্ক খুঁজে পাননি তিনি, যা রবার্টের সঙ্গে থাকার সময় পেয়েছিলেন।"

সূত্রটির ভাষ্যে, "রবার্ট ছিলেন তার জন্য আত্মার সঙ্গীর মত এবং সেটাই ক্রিস্টেন খুঁজছিলেন প্রেমের সম্পর্কে। হোক সেটা খুব স্বল্প সময়ের জন্য, রবার্টের সঙ্গে ঘুরে বেড়ানোর সময় বারবার তার মনে পড়তো, তিনি আকুলভাবে চাইছেন এক আত্মার সম্পর্ক।"

তবে নতুন করে নিজেদের সম্পর্ক শুরু করার ব্যাপারে কোন কিছু জানা যায়নি রবার্ট প্যাটিনসন কিংবা ক্রিস্টেন স্টুয়ার্টের কাছ থেকে।

২০০৮ সালে ‘টোয়াইলাইট’-এর সেটে শুরু হওয়া প্রেম টিকেছিল ২০১২ সাল পর‌্যন্ত। ওই বছর ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ সিনেমার পরিচালক রুপার্ট স্যান্ডার্স-এর সঙ্গে ক্রিস্টেন-এর গোপন সম্পর্কের খবর ফাঁস হয়ে যায়। এ নিয়ে ক্রিস্টেন আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছিলেন রবার্ট-এর কাছে। পরে ২০১৪ সালে রবার্ট নিজে ঘোষণা দেন তাদের সমর্পর্কের ইতি ঘটার।