২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধের বিষক্রিয়ায় হয়েছিল প্রিন্সের মৃত্যু

নিজ হাতেই মৃত্যুকে ডেকে এনেছিলেন সুপারস্টার প্রিন্স, জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। ব্যাথানাশক এক ঔষধের অতিরিক্ত সেবনই ছিল তার মৃত্যুর কারণ। এপ্রিলের শেষের দিকে নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় এই পপ কিংবদন্তীকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 12:30 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

রয়টার্স বলছে, ২১ এপ্রিল প্রিন্সের মৃত্যুর পর থেকে তদন্তের দায়িত্ব পালন করছেন মিনাসোটার এক চিকিৎসক। বৃহস্পতিবার ২ জুন এই রিপোর্ট প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, ফেন্টানিল নামের এক ঔষধ অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলেছিলেন ৫৭ বছর বয়সী এই পপ তারকা। ফলে ঔষধের বিষক্রিয়ায় হয় তার মৃত্যু। চিকিৎসক জানান, পুরো ব্যাপারটি ছিল দুর্ঘটনা।

ফেন্টানিল একটি মারাত্মক আসক্তিমূলক ঔষধ, যাকে মরফিনের চেয়েও শক্তিশালী বলা হয়। অনেক সময় অস্ত্রোপচারের পড়ে রোগিদের ব্যাথা ভুলে থাকতে এই ওষুধ দেয়া হয়।

রয়টার্স জানায়, প্রিন্সকে মৃত অবস্থায় পাওয়ার পর সেখানে একটি প্রেস্ক্রিপশন পাওয়া যায়, যাতে ফেন্টানিল সেবন করতে দিয়েছিলেন তার চিকিৎসক। এর আগেই শোনা যাচ্ছিল, আসক্তিতে ভুগছেন প্রিন্স।

প্রিন্সের মৃত্যুর পর অনেকদিন পেরিয়ে প্রকাশিত হল তার মৃত্যুর কারণ। এই দেরি কারণ হিসেবে পুলিশ বলছে, এতদিন বিষক্রিয়ার ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্যেই অপেক্ষা করছিলেন তারা।

৫৭ বছর বয়সী প্রিন্স তার কোটি কোটি ডলারের সম্পত্তির কোন উইল রেখে যাননি। আপাতত সবকিছু আছে আদালতের তত্ত্বাবধানে।