প্রেম করছেন কেটি পেরি-অরল্যান্ডো ব্লুম
নিজেরা মুখে কুলুপ এঁটে রাখলেও বাতাসে ছিল জোর গুঞ্জন-- প্রেম করছেন পপ তারকা কেটি পেরি এবং অভিনেতা অরল্যান্ডো ব্লুম। এবার ইন্সটাগ্রামে নিজেদের একটি ছবি প্রকাশ করে খবরটির নিশ্চয়তা দিলেন কেটি পেরি নিজেই।
গত বছর থেকেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন সঙ্গীত তারকা কেটি পেরি এবং হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। অবশেষে ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল থেকে কেটি পেরি শেয়ার করেছেন তার এবং অরল্যান্ডো ব্লুমের একটি ছবি। ইউএস ম্যাগাজিন বলছে, কান চলচ্চিত্র উৎসবের অ্যামফার গালাতে তারা সিদ্ধান্ত নেন নিজেদের সম্পর্কের ব্যাপার ভক্তমহলকে জানানোর।
তবে জাঁকজমকপূর্ণ কানের কোন লাল গালিচায় নয়, তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে একটি পাঁচ তারকা হোটেলের সিঁড়িতে। পাশাপাশি শায়িত অবস্থায় তোলা এই ছবিটিতে পেরি ক্যাপশন লেখেন, "উই ক্যান"। কান উৎসবে দুজন একসঙ্গে যোগ দিয়েছেন বলেই পেরি নিজেদের সম্পর্ক প্রকাশ করলেন এরকম অভিব্যক্তিতে।
এই সেই ছবি যার মাধ্যমে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন কেটি পেরি
অবশ্য কেটি পেরি কিংবা অরল্যান্ডো ব্লুম- কারোরই এটা প্রথম সম্পর্ক নয়। ভারতীয় রীতিতে অভিনেতা রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন পেরি ২০১০ সালে। কিন্তু নানা জটিলতায় সে বিয়ে ১৪ মাসের বেশি টেকেনি। এদিকে ৩৯ বছর বয়সী ব্লুম বিয়ে করেছিলেন অস্ট্রেলিয়ান সুপারমডেল মিরান্ডা কারকে। তিন বছর পর ভেঙে যায় সেই সম্পর্কও।
