২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার বিয়ের খবর সত্যি নয়’: ভাবনা

সম্প্রতি মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও নির্মাতা অনিমেষ আইচের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। বধূবেশে ভাবনার একটি ছবি পোস্টের মাধ্যমেই রটে যায় এ কথা। এবার ভাবনা নিজেই জানালেন সত্যিটা। বললেন, একটি নাটকের দৃশ্যের ছবি থেকেই ছড়িয়ে পড়েছে এই গুজব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 02:04 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

বিয়ে করেছেন কী না- গ্লিটজের এমন প্রশ্নে ভাবনা তো হেসেই খুন। বললেন, “মোটেই না। আমার বিয়ের খবর একদমই সত্যি নয়।”

গুজব রটার পেছনের ঘটনা নিয়ে তিনি বলেন, “তাহলে শুনুন, এবার আসল ঘটনা বলি। একটি নাটকের দৃশ্য দেখেই সবাই ভেবে বসেছে আমরা বিয়ে করে ফেলেছি। একটি বেসরকারি টিভি চ্যানেলের জন্য সাত পর্বের ধারাবাহিক ‘অশ্বডিম্ব’ নাটকের শুটিংয়ের ছবি এগুলো। ফেইসবুকে আপলোড করা আমার নাটকের রাতের সময়ের বিয়ের ছবি ছিলো এগুলো। আমি নিশ্চয়ই পূবাইলে একজন নির্মাতার সঙ্গে বিয়ে করবো না। আসলে একটি অনলাইন নিউজ পোর্টালের হেডলাইনের কারণে চারিদিকে এমন গুঞ্জন রটেছে।”

তবে খবরের শিরোনামের কারণে এই ধরনের গুজব রটায় বেশ বিব্রত ভাবনা।

তিনি বলেন, “ব্যক্তিজীবনে আমাদেরও আত্নীয়-স্বজন রয়েছে। এখনকার সময়ে সবাই অনলাইনের নিউজগুলো দেখে। বড় পত্রিকাগুলোতে যদি নিউজ নাও হয়, এরপরও পরিবারের লোকজন তাদের কন্যা, বোন কিংবা বন্ধুকে নিয়ে এমন ধরনের খবরে একটু হলেও চিন্তিত হয়ে পড়েন। তাই এ ব্যাপারে আমার একটাই কথা, নিউজের ক্ষেত্রে সঠিক হেডলাইন নির্বাচন করা উচিৎ।”

তিনি আরও বলেন, “হয়ত এটা অনেকের কাছে মজার ব্যাপার, কিন্তু এই ধরনের নিউজ আসলেই অপ্রয়োজনীয়। একজন মানুষ হিসেবে, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছে এই নিউজগুলো কতটা যে কষ্টের-- তা কেউ বুঝবে না। বরং সবাই তাদের লাভের দিকটাই দেখবেন। তবে আগে এই ধরণের ঘটনায় আমার মন খুব খারাপ হলেও এখন আর হয় না।”

এবার না হয় বিয়ের মিথ্যা গুঞ্জন রটেছে; কিন্তু সত্যি সত্যিই বিয়ের পিড়িতে কবে বসছেন ভাবনা? এই প্রশ্নের উত্তরে ভাবনা করে বসলেন পাল্টা প্রশ্ন।

তিনি বলেন, “আচ্ছা বলুন তো, আমার কী বিয়ের বয়স হয়েছে? আমি কীভাবে বিয়ে করবো? আমার তো পড়ালেখা এখনও শেষ হয়নি।”

‘অশ্বডিম্ব’ ছাড়াও, ভাবনা এইমুহুর্তে ব্যাস্ত আছেন মাসুদ সেজানের ‘ওয়াও’ নাটকের সিকুয়াল নিয়ে। এছাড়াও ঈদ উপলক্ষে অঞ্জন আইচের ‘ডক্টর জাহিদ হাসান’সহ আরও কয়েকটি নাটকের অভিনয় করছেন তিনি।

মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘ভয়ঙ্কর সুন্দর’। অনিমেষ আইচ পরিচালিত এই সিনেমায় টালিগঞ্জের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি।