আলিয়া-সিদ্ধার্থের প্রেমে ভাঙন?
অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ভাঙনের ঢেউ লেগেছে তারকা জুটি আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার প্রেমে। এবার কানে এলো, নতুন এক নারীর সঙ্গে দেখা গেছে সিদ্ধার্থকে।
টাইমস অফ ইন্ডিয়া বলছে, সম্প্রতি সিদ্ধার্থকে দেখা গেছে এক ‘রহস্যময়ী’ নারীর সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয়। নৈশভোজের পর একসঙ্গে সিদ্ধার্থের বাড়ি যান দুজন।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর মাধ্যমে একসঙ্গে বলিউডে পা রাখার কিছুদিন পর থেকেই চলছে দুজনের প্রেম, তবে কখনই জনসম্মুখে তা স্বীকার করেননি আলিয়া-সিদ্ধার্থ। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে সিদ্ধার্থের বাড়তি ঘনিষ্ঠতা ভালো চোখে দেখছেন না আলিয়া।
এ নিয়ে শ্রদ্ধার সঙ্গে নাকি এক চোট ঝগড়াও হয়েছে তার। অথচ বরাবরই শ্রদ্ধাকে নিজের কাছের বন্ধু হিসেবেই দাবী করেছেন আলিয়া।
শ্রদ্ধার নতুন সিনেমা ‘বাঘি’র সাফল্য উদযাপনে যখন সবাই অংশ নিয়েছিলেন, তখন দেখা যায়নি আলিয়াকে। তার অনুপস্থিতি এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।
বলিউড লাইফের দাবী, ‘এক ভিলেইন’ সিনেমায় সিদ্ধার্থের সঙ্গে শ্রদ্ধার জুটি বাঁধায় ভেটো দিয়েছিলেন আলিয়া।
গত কয়েক মাস ধরেই নানা কারণে একের পর এক ঝগড়া চলছে আলিয়া-সিদ্ধার্থের মধ্যে। অনেকেই ধারণা করছেন, সম্ভবত এ জন্যই হয়েছে তাদের বিচ্ছেদ।
