২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ড হওয়ার খবর উড়িয়ে দিলেন হিডলস্টোন

জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেইগ তার দায়িত্ব শেষ করেছেন, নাকি করেননি- দুধরণের খবরই ভেসে বেড়াচ্ছে বাতাসে। এ নিয়ে বিভ্রান্তি থাকায় পরবর্তী বন্ড সিনেমার ভবিষ্যত এখনও অজানা। তবে হঠাৎ করেই মাঝে গুঞ্জন উঠেছিল, ড্যানিয়েল ক্রেইগের উত্তরসূরি হতে চলেছেন ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টোন। খোদ হিডলস্টোনই এই খবর এবার উড়িয়ে দিলেন গুজব হিসেবে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 04:55 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

'ডেইলিমেইল ডটকম' জানাচ্ছে, শুক্রবার রাতে প্রচারিত 'দ্য গ্রাহাম নরটন শো'তে জেমস বন্ড হিসেবে অভিনয় করার ব্যাপারে কথা উঠলে তিনি সরাসরি এব্যাপার নাকচ করে জানান, "কেউ আমার সঙ্গে এবিষয়ে কথা বলেনি।"

মূলত, গুজবের সূত্রপাত হয় বিবিসিতে প্রচারিত থ্রিলার 'দ্য নাইট ম্যানেজার' সিনেমাটি থেকে। একজন ছদ্মবেশী গোয়েন্দার চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসা কুড়ান ৩৫ বছর বয়সী হিডলস্টোন। জেমস বন্ড চরিত্রে অভিনয়ের এক পূর্বাভাস হিসেবেই এই চরিত্রটিকে দেখেছেন দর্শকরা।

মারভেলের সুপারভিলেন 'লোকি' খ্যাত এই তারকাও ধরতে পেরেছেন বিষয়টি।

"আমার মনে হয়, গুঞ্জনগুলো আসছে এই কারণে যে আমি 'দ্য নাইট ম্যানেজার'-এ একজন গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছি। সেখান থেকেই মানুষ দুইয়ে দুইয়ে চার মিলিয়েছে," জানান হিডলস্টোন।

ড্যানিয়েল ক্রেইগ বন্ড হিসেবে ফিরবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তবে হিডলস্টোনের কথায় বন্ড হিসেবে ক্রেইগের থাকার কথারই আভাস দিচ্ছে, "আমি যতদূর জানি বন্ড এর স্থান এখনও ফাঁকা নয়।"