‘আমি ইন্ডাস্ট্রির নায়িকা’
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মালেক আফসারীর ‘রক্ত’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অ্যাকশনধর্মী অবতারে দেখা যাবে চিত্রনায়িকা পরিমণিকে। জাজের সঙ্গে প্রথমবারের মতো কাজ করলেও পরিমণি বললেন, কোন নির্দিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য নয়, বরং ঢাকাই সিনেমার জন্যই কাজ করে যাবেন তিনি।
যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে জাজ-এর ব্যানারে মাহিয়া মাহি ছাড়াও ঢাকাই সিনেমায় অভিষিক্ত হয়েছেন নুসরাত ফারিয়া মাজহার ও জলি। যদিও এদের কেউই ঢাকাই সিনেমায় এখন পর্যন্ত অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান শক্ত করতে পারেননি। এছাড়াও তাদের গায়ে লেগে আছে জাজ মাল্টিমিডিয়ার নায়িকার তকমা। সেক্ষেত্রে অভিনেত্রী পরীমণিও কি একই পথে হাঁটছেন?
গ্লিটজের এমন প্রশ্নে হেসে পরীমণির আত্নবিশ্বাসী উত্তর, “জাজ একটি হাউজ (প্রযোজনা প্রতিষ্ঠান)। এভাবে আমি অনেক হাউজের সিনেমায় অভিনয় করেছি। তাই আমার কাছে জাজকে (জাজ মাল্টিমিডিয়া) মোটেও আলাদা মনে হয় না। আমি আসলে ইন্ড্রাষ্ট্রির (বিএফডিসি) নায়িকা। আমি কোন হাউজের নায়িকা না।”
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনায় নির্মিত ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অ্যাকশন চরিত্রের অভিনেত্রী হিসেবে শক্ত অবস্থান গড়েছেন মাহিয়া মাহি। ঢাকা ছাড়াও টালিগঞ্জেও এখন বেশ পরিচিত মুখ তিনি। এবার সেই যৌথ প্রযোজনার ব্যানারেই মালেক আফসারির প্রথমবারের মতো অ্যাকশন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পরীমণি।
এক্ষেত্রে মাহিকে কী নিজের প্রতিদ্বন্দী ভাবছেন পরীমণি? গ্লিটজের এমন প্রশ্নে লাস্যময়ী পরীমণি বললেন, “সত্যি বলতে আমি ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’ সিনেমা দুটো দেখিনি। এটা আমার জন্য খুবই লজ্জাজনক। সিনেমা দুটোর গানগুলো সুন্দর। আমি চাইবো সব কিছুকে ছাড়িয়ে যেতে। এটা কেবল আমি না, আমার জায়গায় যে কেউ থাকলে তিনিও একই কথা বলতেন।”
‘রক্ত’ সিনেমাতে পরীমণির বিপরীতে অভিনয় করছেন নবাগত রোশান রিক্ত। সিনেমাটির কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও পেলে ভট্টাচার্য্য। সংগীত পরিচালনায় থাকছেন আকাশ ও স্যাভি। বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশন করা হবে সিনেমাটির দৃশ্যধারণ। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের ১০ তারিখ থেকে শুরু হবে ‘রক্ত’ সিনেমাটির দৃশ্যধারণের কাজ।
