২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর আয়োজনে শুরু হয়েছে 'আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব' এর অষ্টম আসর। ধানমন্ডির আঁলিয়াস ফ্রঁসেজে শুক্রবার পর্দা উঠেছে এবারের আসরের দ্বিতীয় পর্বের আয়োজনের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 06:18 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

অন্যান্যবারের তুলনায় এবারের আসরের পরিধি হয়েছে আরও বড়। ঢাকার গণ্ডি পেরিয়ে এবারই প্রথম আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এর সূচনা পর্ব অনুষ্ঠিত হয় চট্টগ্রামের আঁলিয়াস ফ্রঁসেজ মিলনায়তনে। ১৭ এবং ১৮ এপ্রিলে শুরু হওয়া অষ্টম আসরের মোট ৬০টি চলচ্চিত্রই প্রদর্শিত হয় সেখানে।

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়- দুইয়ে মিলে এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে অন্যান্য যেকোন আসরের চেয়ে বেশি, জানালেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসনাইন মাহমুদ।

"এবারের আসরে বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার ৬৭টি দেশের ৫৬২টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭৬৮টি চলচ্চিত্র জমা পড়েছে, যার মধ্য থেকে বাছাই করা ৮৫টি চলচ্চিত্র এবারের আসরে প্রদর্শিত হবে।" জানান তিনি।

২২-২৩ এপ্রিল শুক্র এবং শনিবার আঁলিয়াস ফ্রঁসেজ মিলনায়তনে দৈনিক দুটি সেশনে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো। প্রথম সেশন শুরু হবে দুপুর তিনটায়, আর পরবর্তী সেশন শুরু হবে বিকেল ছ'টায়। একইভাবে ২৪ ও ২৫ তারিখ এই আসরটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে। তবে সেখানে সেশন থাকবে তিনটি, দুদিনই আসর শুরু হবে দুপুর ১১ টায়।

বরাবরের মতো এবারও দুটি অংশে উৎসবটিকে ভাগ করা হয়েছে - সাধারণ ও প্যানারোমা । উৎসবে সেরা নির্মাতা পাবেন ‘জহির রায়হান বেস্ট শর্ট ২০১৬’ পদক। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ২৫শে এপ্রিল পর্দা নামবে উৎসবের অষ্টম আসরের। আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব' এর এবারের আসরের অনলাইন মিডিয়া সহযোগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।