২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহিদের সঙ্গে কাজে আগ্রহী কারিনা

তাদের বিচ্ছেদের পর পেরিয়েছে প্রায় এক দশক; পুরোটা সময় একে অপরকে এড়িয়েই চলেছেন শাহিদ কাপুর এবং কারিনা কাপুর খান। তবে দীর্ঘ বিরতির পর এবার সাবেক প্রেমিকের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বেবো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 05:07 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

সম্প্রতি ‘উড়তা পাঞ্জাব’এর ট্রেইলার উদ্বোধনের দিন এক মঞ্চে দাঁড়িয়েছিলেন এক সময়ের এই জনপ্রিয় জুটি। তবে দুজনের অস্বস্তি ভালোভাবেই জানান দিয়েছে, সম্পর্কের বরফ গলেনি এখনও।

২০০৭ সালে ‘জাব উই মেট’এ শেষবারের মত জুটি বেঁধেছিলেন তারা। এরপর আর কখনও একসঙ্গে দেখা যায়নি তাদের, এমনকি কোন অনুষ্ঠানে এলেও একে অপরকে এড়িয়ে গিয়েই হাঁফ ছেড়ে বেঁচেছেন যেন।

নতুন সিনেমা ‘উড়তা পাঞ্জাব’এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও একই সিনেমায় দেখা যাবে শাহিদ-কারিনাকে, তবে সিনেমাতে একসঙ্গে একটি দৃশ্যও নেই তাদের।

এদিকে সাবেক প্রেমিকার সঙ্গে অভিনয় না করলেও তার স্বামী সাইফ আলি খানের সঙ্গে ঠিকই কাজ করছেন শাহিদ। ভিশাল ভারদ্বাজের নতুন সিনেমা‘রেঙ্গুন’--এ একসঙ্গে দেখা যাবে দুজনকে।

স্বামী সাইফের সঙ্গে যখন সাবলীলভাবে কাজ করছেন সাবেক প্রেমিক, তখন পিছিয়ে থাকতে রাজি নন কারিনাও। ডিএনএ সাময়িকীকে জানালেন, সুযোগ পেলে আবারও শাহিদের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী তিনি।

“অবশ্যই, আমি শাহিদের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমার মনে হয় দুজন সাবেক প্রেমিক-প্রেমিকা বিচ্ছেদের পর আর একসঙ্গে কাজ করতে পারবেন না এটা খুবই সেকেলে ধারণা। আমরা সবাই পেশাদার অভিনয়শিল্পী, কেন আমরা পুরোন অনুভূতিকে আমাদের কাজের মধ্যে টেনে আনবো?” বলেন বেবো।

এমনও শোনা গিয়েছিল, ‘রেঙ্গুন’--এর শুটিং করতে গিয়ে রেষারেষিতে জড়িয়েছেন কারিনার সাবেক প্রেমিক এবং বর্তমান স্বামী। তবে এই খবর গুজব হিসেবেই উড়িয়ে দিলেন তিনি।

বললেন, ‘আমার তো মনে হয় তারা বেশ ভালোভাবেই মিশছে। আমি তাদের সেটে যাওয়ার সময় পাইনি, তারা রাতের শিডিউলে কাজ করছে। তবে সাইফ আমাকে বলেছে শুটিং সেটে বেশ ভাল সময় কাটছে দুজনের। শাহিদের সঙ্গে গল্প করতে ভালই লাগছে সাইফের, ও শাহিদকে পছন্দেই করে। তাছাড়া দুজনই বলিউডে কাজ করছে অনেক বছর ধরে। তাদের পরিচয় কিন্তু নতুন হয়নি, তারা একসময় একই ব্যায়ামাগারে যেত, ওখানে আরও আগেই তাদের দেখা হয়েছে।”

বলা হয়, সাইফের প্রেমে পড়েই শাহিদের সঙ্গে বিচ্ছেদ করেন বেবো। সাইফের সঙ্গে তার দেখা হয় ‘তাশান’ সিনেমার সেটে। এরপর পুরো ৫ বছর প্রেম করেন তারা, ২০১২ সালে বিয়ে হয় সাইফ-কারিনার।

এদিকে কারিনার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর সংসার পেতেছেন শাহিদও, ২০১৪ সালের মার্চে দিল্লির মেয়ে মিরা রাজপুতকে বিয়ে করেন এই অভিনেতা। সম্প্রতি শাহিদ জানিয়েছেন, বাবা হতে চলেছেন তিনি।