২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটলসকে ছাড়িয়ে গেলেন রিহানা

কিংবদন্তী ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর অর্ধ শত বছরেরও বেশি সময়ের এক রেকর্ড ভেঙ্গে দিয়েছেন পপতারকা রিহানা। মার্কিন যুক্তরাষ্ট্রে বিলবোর্ড টপচার্টে সবচেয়ে বেশি সময় ধরে অবস্থান করার তালিকায় দ্বিতীয় স্থান থেকে ‘দ্য বিটলস’-কে সরিয়ে এখন সে জায়গাটি দখল করেছেন বারবাডোজ থেকে উঠে আসা জনপ্রিয় এই সঙ্গীত তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 04:37 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

দীর্ঘ ৫৯ সপ্তাহ ধরে বিলবোর্ড ম্যাগাজিনের টপ চার্টে অবস্থান করেছিল এক সময় ব্রিটিশ কিংবদন্তী ব্যান্ড ‘দ্য বিটলস’। রিহানা সে রেকর্ডটা ভেঙ্গেছেন আরও এক সপ্তাহ বেশি অবস্থান করে। এক বছরেরও বেশি সময় ধরে বিলবোর্ড টপ চার্ট দাপিয়ে বেড়াচ্ছেন ২৮ বছর বয়সী এই পপতারকা।

১৯৫৮ সাল থেকে নিয়মিত সঙ্গীতশিল্পী এবং ব্যান্ডের গানের জনপ্রিয়তার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে টপ চার্ট প্রকাশ করে আসছে বিলবোর্ড ম্যাগাজিন। টপ চার্টে সবচেয়ে দীর্ঘ সময় ধরে অবস্থান করার রেকর্ডটা এখনও রয়েছে মারায়াহ ক্যারির দখলে। ক্যারিকে টপকাতে হলে রিহানাকে টপ চার্টে অবস্থান করতে হবে আরও ১৯টি সপ্তাহ।

এই মূহুর্তে রিহানার অষ্টম স্টুডিও অ্যালবাম রাজত্ব করছে মার্কিন বিলবোর্ড টপচার্ট। টানা নবম সপ্তাহেও ‘অ্যান্টি’ অ্যালবামটি দখল করে রেখেছে বিলবোর্ড টপচার্টের শীর্ষস্থানটি।