‘মুসাফির নতুন রেকর্ড তৈরি করবে’
সারাদেশে মুক্তি পেয়েছে আশিকুর রহমানের দ্বিতীয় সিনেমা ‘মুসাফির’। সিনেমাতে আরিফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন নবাগত নায়িকা মারজান জেনিফা। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এর প্রযোজক জোবায়ের আলম।
গ্লিটজকে জোবায়ের আলম বলেন, “সিনেমা হলো সন্তানের মতো। যার মা হলো র্নিমাতা আর প্রযোজক হলো বাবা। সে কারণে আমি আমার সিনেমাকে কখনোই খারাপ বলবো না। আমি তো সবচেয়ে ভালো বলবোই। আমার বিশ্বাস, ‘মুসাফির’ নতুন রেকর্ড তৈরি করবে। অনেক দিন পরে সবাই বলবে যে একটি সিনেমা রেকর্ড গড়ছে। যদিও আমাদের সিনেমা নির্মাণে এক কোটির কিছু বেশি টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা আশাবাদী বাজার থেকে আমরা ভালোই সাড়া পাবো। কারণ আমরা বাণিজ্যিক প্রদশর্নের পাশাপাশি বিকল্প প্রদশর্নের পরিকল্পনাও গ্রহণ করেছি। আমি খুবই আশাবাদী।”
‘মুসাফির’ পরিচালনা করেছেন আশিকুর রহমান। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি।
নিজের প্রথম সিনেমা নিয়ে খুবই উচ্ছ্বসিত নবাগত নায়িকা মারজান জেনিফা। গ্লিটজকে তিনি বললেন, “‘মুসাফির’ সিনেমায় আরিফিন শুভের সঙ্গে আমার অনেক রোমান্টিক দৃশ্য রয়েছে। আমার বিশ্বাস দর্শকদের আমার অভিনয় খুবই ভালো লাগবে। আমাদের দুজনের রসায়ন দর্শকরা উপভোগ করবে।”
পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে নির্মিত ‘মুসাফির’ সিনেমাটি ৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
