কে হবেন জাজের নতুন নায়িকা?
মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার মতো প্রথম সারির নায়িকারা সিনেমায় এসেছিলেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই। ঢাকাই সিনেমার আলোচিত এই প্রযোজনা প্রতিষ্ঠান আবারও আনছে নতুন মুখ; মালেক আফসারির নতুন সিনেমা ‘রক্ত’-এর মধ্য দিয়ে অভিষেক ঘটবে তার।
এরমধ্যেই এফডিসিতে এ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে নতুন নায়িকা কে হতে যাচ্ছেন-- এই খবর দর্শকদের জন্য চমক হিসেবেই রাখতে চান জাজ’র কর্ণধার আব্দুল আজিজ।
এ ব্যাপারে গ্লিটজকে তিনি বলেন, “মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া ও জলির পরে আবারো আসছে নতুন মুখ। তবে এতটুকু কেবল বলতে পারি নায়িকা আপনাদের পরিচিত মুখ। এখন যদি সব বলে দেই তাহলে আপনারা সবই বুঝে যাবেন। তিনি মিডিয়ার কোনো জায়গায় আছেন হয়ত… এরবেশি কিছু বলা যাবে না। ২৮ এপ্রিল একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সব জানতে পারবেন। আপনাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়া হবে।”
ঢাকা ও কলকাতা- দুই জায়গাতেই মাহিয়া মাহি এরইমধ্যে শক্ত অবস্থান গড়ে তুললেও তেমন একটা আলো ছড়াতে পারেননি নুসরাত ফারিয়া ও জলি। এ ব্যাপারে আব্দুল আজিজ বলেন, “মাহিয়া মাহি তার নিজের অবস্থান তৈরি করেছে ‘অগ্নি-২’ ও ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমার মাধ্যমে। এই দুটো সিনেমা মাহিকে সর্ম্পূনরূপে মাহিয়া মাহি হিসেবে তৈরি করেছে। ১৪টি সিনেমাতে অভিনয়ের পরে একজন মাহি তৈরি হয়েছে। সেদিক থেকে ফারিয়ার সিনেমা মুক্তি পেয়েছে মাত্র দুটি। ফারিয়ার অভিনীত আরো সিনেমা আগামীতে মুক্তি পেলে তখন ফারিয়ার অঙ্কটা হিসেব করা যাবে। কেবলমাত্র দুটো সিনেমার মাধ্যমে একজন নায়িকা বাংলাদেশে নিজের অবস্থান তৈরি করতে পারবে না। সেজন্য ভালো সিনেমা প্রজেক্টও লাগবে। ফারিয়া ও জলির অবস্থানও আগামীতে তৈরি হবে-- সে ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী।”
২০১৩ সালে ‘ভালবাসার রং’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এরপর তাদের প্রযোজিত ১৫টি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মাহিয়া মাহি। এরমধ্যেই জাজের সঙ্গে মাহির নানা নাটকীয় ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে গণমাধ্যমে।
মাহি ছাড়াও জাজের ব্যানারে আর্বিভূত হয় নতুন দুই মুখ নুসরাত ফারিয়া মাজহার ও জলি। এরমধ্যে জলি অভিনয় করেছেন মাত্র একটি সিনেমা ‘অঙ্গার’-এ। ওদিকে নুসরাত ফারিয়াকে দেখা গেছে ‘আশিকি’ ও ‘হিরো ৪২০’ সিনেমাগুলোয়। তিনটি সিনেমাই ছিলো যৌথ প্রযোজনার।
এরমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে প্রথমবারের মতো জাজের ব্যানারে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী শিল্পী জয়া আহসান। মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এই সিনেমাটি প্রযোজনা করতে পারে জাজ মাল্টিমিডিয়া। তবে এখনও এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসেনি জাজের তরফ থেকে।
জাজের নায়িকা ভাগ্যে বৃহস্পতি তুঙ্গে থাকলেও নায়ক ভাগ্য শনির দশা চলছেই। ‘ভালোবাসার রং’ সিনেমায় বাপ্পী চৌধুরী সিনেপাড়ায় অভিষিক্ত হলেও জাজের জন্য তেমন কোনো সুফল বনে আনতে পরেননি তিনি। ‘দেশা- দ্য লিডার’ সিনেমায় অভিষেক ঘটেছিল আরেক নতুন মুখ শিপনের। কিন্তু এখনও পর্যন্ত নতুন আর কোনো সিনেমায় দেখা দেননি তিনি।
সেক্ষেত্রে আরও একবার নতুন নায়ক নিয়ে আসছেন কী না, এমন প্রশ্নের উত্তরে আব্দুল আজিজ বললেন, “আমরা নতুন নায়কও উপহার দিতে যাচ্ছি। র্যাম্পের থেকে একজন নায়ককে আমরা নির্বাচন করেছি।”
