২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খরাপীড়িত গ্রামের দায়িত্ব নিলেন আমির

বছর ঘুরে গ্রীষ্মের সঙ্গে ফিরেছে মহারাষ্ট্রের দুর্যোগপূর্ণ সময়। প্রখর খরতাপে আবাদী জমি পুড়ে গেছে গ্রাম এলাকার। পানির সংকটে জর্জরিত পুরো প্রদেশ। এই অবস্থায় হিন্দি সিনে তারকারা এগিয়ে এসেছেন প্রদেশটির সাহায্যে। সেই তালিকায় যোগ হল আমির খানের নাম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 05:43 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ আমির বরাবরই এসব ব্যাপারে অন্যান্যদের তুলনায় এগিয়ে। খরাপীড়িত মহারাষ্ট্রের আস্ত দুটি গ্রামের ভরণপোষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।

ডেকান ক্রনিকলস বলছে, সম্প্রতি মহারাষ্ট্রে খরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তাল এবং কোরগাও নামের দুটি গ্রাম। আমির খান দুর্যোগ আক্রান্ত মহারাষ্ট্র পর্যবেক্ষণ করে এসে এই গ্রাম দুটো রক্ষণাবেক্ষণ এবং পুনর্বাসন প্রক্রিয়ার দায়িত্ব নেন। এরকম মহৎ কাজের দৃষ্টান্ত অবশ্য আমিরের জন্য এটাই প্রথম নয়। এর আগেও ২০০১ সালে প্রলয়ংকরী ভূমিকম্পে তছনছ হয়ে যাওয়া গুজরাটের কুচ গ্রামটির সকল দায়িত্ব নিয়েছিলেন তিনি।

খরা সমস্যা ছাড়া মহারাষ্ট্র প্রদেশে পানির সংকটও প্রকটাকার ধারণ করেছে। পানি সংরক্ষণ সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে এরই মধ্যে আমির ঘুরে এসেছেন আওরাঙ্গাবাদ এর বিদ গ্রামটি থেকে, যেখানে এই সংকট দেখা দিয়েছে ভয়াবহ মাত্রায়। ওই এলাকার সমস্যাগুলো

পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে জালইউক্ত শিভার আভিয়ান নামক একটি প্রতিষ্ঠান, যারা পুরো মহারাষ্ট্র জুড়েই খরা নিরসনে কাজ করছে। আমিরের মুখ থেকে শোনা গেছে সংস্থাটির নামে প্রশংসাবাণীও।

আমির একা নন, রূপালী পর্দার আরও অনেক তারকা কাজ করছেন মহারাষ্ট্রে খরাপীড়িতদের সাহায্যার্থে। মারাঠি কজন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে প্রখ্যাত অভিনেতা নানা পাটেকার খরাপীড়িতদের জন্য খুলেছেন একটি সাহায্য তহবিল। অপরদিকে অ্যাকশন তারকা আকশায় কুমার সম্প্রতি এই অঞ্চলের খরাপীড়িতদের জন্য দান করেছেন ৫০ লাখ রূপি।