দিলিপ কুমারের শারীরিক অবস্থার উন্নতি
শুক্রবার জ্বর এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেতা দিলিপ কুমার। এবার তার স্ত্রী সায়রা বানু জানালেন, ধীরে ধীরে উন্নতি ঘটছে তার শারীরিক অবস্থার।
৯৩ বছর বয়সী এই কিংবদন্তীতুল্য অভিনেতা এখন মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সায়রা বানু এই অভিনেতার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার ভর্তি হওয়ার খবরটি পুরোপুরি গুজব।
সায়রা বানু জানান, “দিলিপ সাহেব তীব্র জ্বর ও ফুসফুসের সংক্রমণ নিয়ে ১৫ এপ্রিল রাত থেকে লীলাবতি হাসপাতালে ভর্তি হয়ে আছেন। দ্রুত আরোগ্য লাভের জন্য রক্তনালীতে তাকে জীবাণুনাশক ওষুধ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।”
সায়রা আরও জানান, “আইভি ইনজেকশনের মাধ্যমে দেওয়া ওষুধ মুখে খাওয়ার ওষুধের চেয়ে দ্রুত কাজ করবে, ডাক্তাররা এটাই বলেছিলেন। এর জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়াটা জরুরি হয়ে পড়ে। ঈশ্বরের আশীর্বাদ এবং ডাক্তারদের দেখভালের কারণে প্রতি মুহুর্তে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তার অবস্থা স্থিতিশীল আছে। তিনি হাসপাতালের একটি কক্ষে অবস্থান করছেন, আইসিইউতে নয়।”
দিলিপ কুমার নামে সিনেমা জগতে পা রাখলেও তার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। প্রায় ছয় দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন ‘আন্দাজ’, ‘আন’, ‘ক্রান্তি’, ‘শক্তি’, ‘কারমা’, ‘সওদাগর’, ‘দেবদাস’ এবং ‘মুঘল-এ-আজম’সহ আরো অনেক চলচ্চিত্রে।
বলিউডের ট্র্যাজেডি কিং হিসেবে পরিচিত এই শিল্পীকে শেষবারের মতো পর্দায় দেখা গেছে ১৯৯৮ সালে ‘কিলা’ সিনেমায়। চলতি বছরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন দিলিপ কুমার।
