২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পহেলা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব'

বছর ঘুরে এসে গেল ১৪২৩ বঙ্গাব্দ। নতুন বছরকে বাঙালি বরণ করে নিলো পান্তা-ইলিশে, গানে, কবিতায় আর মঙ্গল শোভাযাত্রায় ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 03:15 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

কালের বিবর্তনে উদযাপনের আঙ্গিকে পরিবর্তন এসেছে অনেক। তবে বাঙালিয়ানার মূল সুর বদলায়নি। স্মৃতির পাতা থেকে পুরোন দিনের বৈশাখের গল্প আর এখনকার বাস্তবতায় এ উৎসবের মূল্যায়ন করলেন বিনোদন জগতের প্রবীণেরা।  

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বর্ষবরণ ছোটবেলায় কেটেছে নিভৃতেই। পারিবারিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এর মাঝে তিনি খুঁজে পেতেন আনন্দ, উৎসবের উচ্ছ্বাস। তার অভিজ্ঞতায় ধরা পড়েছে বর্তমান আর অতীতের উৎসবের আমেজের পার্থক্যও, "জীবন এগিয়ে গিয়েছে। জীবনের চাহিদা, জানার জগত এখন এত খোলা; প্রসারতা বেড়েছে। আমাদের সময় অতটা প্রসারতা ছিল না। চাহিদা ছিলনা, অল্পতেই তুষ্ট থাকতে হতো। নববর্ষের দিন ভালো খাওয়া-দাওয়া হতো। মা বলতেন, আজ ভালভাবে থাকবে, তাহলে সারা বছর ভালো যাবে। আর আজ বকা খেলে সারাবছর ধরে বকা খেতে হবে" সেই সঙ্গে জানালেন সাম্প্রতিক এক অভিজ্ঞতার কথাও, "৫ বছর আগে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখেছি দেশকে ভালোবাসার প্রবল আগ্রহ, আকুলতা। বাইরের মানুষের দেশের জন্য মায়া আরো বেড়ে যায়। সেখানে পহেলা বৈশাখের উৎসবে আমাকে পরিচয় দেওয়া হলো বাংলাদেশের একজন সেলিব্রিটি হিসেবে। কানাডার সিটি মেয়র আমাকে সমাদর জানালেন। আর আমার মেয়ে তখন আমাকে বলছে, মা তুমি তো এখানে বিখ্যাত হয়ে গেছ।"

রাজশাহীতে সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠার সুবাদে শৈশব সময় দারুণ কেটেছে অভিনেত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষক ওয়াহিদা মল্লিক জলির। জানালেন তার বর্ষবরণের দিনগুলোর কথা, "আমরা ভাই-বোন সবাই গান, কবিতা আবৃত্তি, মঞ্চ নাটকের সাথে যুক্ত ছিলাম। শুধু পহেলা বৈশাখ না, যে কোনো উপলক্ষেই আমাদের বাসায় উৎসবমুখর আমেজ থাকতো। আমার কাছে পহেলা বৈশাখের আরো বিশেষত্ব হলো এদিন আমার বাবা-মার বিয়ে বার্ষিকী। বর্ষবরণের দিন রাজশাহীতে কড়াইতলায় ভোর থেকেই গানের আসর বসতো, যেমনটা হয় রমনা বটমূলে। সেখানে আমি আর বাবা গান আর কবিতা আবৃত্তি করতাম। বাবা শ্রোতাদের বলতেন- আজ আমার বিয়ে বার্ষিকী, সবাই আমার বাড়িতে আমন্ত্রিত।"

আরেক গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার স্মৃতিচারণ করলেন গ্রামীণ মেলা এবং উৎসবের, "মেলায় যাওয়াটা ছিল সবচেয়ে বড় আকর্ষণ। আমার বিশেষ আগ্রহ ছিল সুতোটানা টিনের গাড়ি কেনা। বাংলা নতুন বছরে নতুন জামা পাওয়া যেত। সবার মধ্যেই ছিল নতুন বছরকে বরণ করে নেবার আকাঙ্ক্ষা। হিন্দু-মুসলিম সম্প্রীতি কাজ করতো সবার মাঝেই।"

অতীতে বর্ষবরণের দিনটি রমনা বটমূল কেন্দ্রীকই ছিল দুই সঙ্গীতশিল্পী শিবলি মহম্মদ এবং ইফফাত আরা দেওয়ানের জন্য। ছোটবেলা থেকেই ছায়ানটের হয়ে রমনা বটমূলে গান করেছেন ইফফাত আরা দেওয়ান। জানালেন সেই অভিজ্ঞতা, "যখন ছায়ানটে প্রথম যাই, তখন সবে স্কুলে পড়ি। উৎসবের দিন ছায়ানটেই বর্ষবরণ উদযাপন করা হতো। রমনা বটমূলে গান করেছি সে সময় থেকেই। সবাই মিলে বর্ষবরণের যে আমেজ, সেটার অংশ হতে পারাটাই ছিল আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের। যখন বটমূলের গাছের গুড়ির নিচে সাজানো মঞ্চে গান করতাম, সে সময় গাছ থেকে পিঁপড়ে পড়তো, পাতা ঝড়তো। গান শুনতে খুব কম মানুষ আসতো, তবে সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ ভালো লাগতো।"

রমনায় ঘোরাফেরা আর হরেক রকম খাবার-দাবারের আয়োজনে কেটেছে শিবলি মহম্মদের তরুণ বয়সে বর্ষবরণ, "রমনা বটমূলে যাওয়া, পান্তা ভাত খাওয়া, গান শোনা; আবার বাড়িতে এসে হরেক পদের নিরামিষ, শাক দিয়ে ভাত খাওয়া- এভাবেই কাটতো নববর্ষের দিনটা। আর এখন তো নিজেই শিল্পী হিসেবে এই উৎসবের অংশ।"

সময়ের সঙ্গে বাঙালির বর্ষবরণের রূপ পরিবর্তিত হয়েছে, শহর আর গ্রামের উদযাপনে পার্থক্যটা ধরিয়ে দিলেন রামেন্দু মজুমদার, তবে এও জানালেন; আমেজটা আছে আগের মতই।

"শহরের নাগরিক জীবনে নাড়ির সাথে যোগাযোগটা নেই। তবে এখনও মেলা হচ্ছে, রমনা বটমূলে গানের আসর বসছে আগের মতই। এসবই নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দেবে।"

দিলারা জামানের অভিব্যক্তিটাও একই ধরণের। জানালেন, "আনন্দের বহিঃপ্রকাশে পরিবর্তন হয়েছে। তবে পহেলা বৈশাখ সব সময়ই সুন্দর এবং আনন্দের।"

পরিবর্তন ঘটেছে ওয়াহিদা মল্লিক জলির বর্ষবরণেও, "এখন বর্ষবরণে পরিবারের সবার জন্যই নতুন কাপড় কিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক হওয়ায় সেখানেও কিছুটা ব্যস্ত থাকি। সেখানকার শিক্ষার্থীরা বিভিন্ন আয়োজন করে আমাদের শিক্ষকদের চমক দিতে চায়"।

বাঙালির বর্ষবরণের ওপর সব সময়ই এসেছে আঘাত, অনেকবারই থামানোর চেষ্টা হয়েছে প্রাণের এই উৎসব। ২০০১ সালে রমনা বটমূল রক্তাক্ত হয়েছিল বোমা হামলায়। তবে কমেনি বাঙালির উৎসাহ। বরং প্রতি বছরই উৎসবে ঢল নেমেছে অসংখ্য মানুষের।

শিবলি মহম্মদের দৃঢ় উচ্চারণে যেন সে চেতনারই আভাস পাওয়া গেল, "রমনা বটমূলের বোমা হামলার মতো ঘটনা ঘটিয়েও মৌলবাদীরা থামাতে পারেনি এই উদযাপনকে। আমি বিশ্বাস করি, বাঙালিকে দমিয়ে রাখা যায় না। এবং এই উৎসব বন্ধের চেষ্টায় কেউই সফল হতে পারবে বলে মনে হয় না।"

আর ওয়াহিদা মল্লিক জলি এক বাক্যে জানালেন পহেলা বৈশাখের মাহাত্ম্য, "শুধু আমার কাছে না, পহেলা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব”।