‘ব্যাটম্যান’-এর পরিচালনাতেও অ্যাফ্লেক
ব্যাটম্যানের মুখোশ পড়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন অভিনেতা বেন অ্যাফ্লেক, তবে সেই পরীক্ষায় উৎরেছেন বেশ ভালোভাবেই। এবার ক্যামেরার পেছনেও ব্যাটম্যান নিয়ে কাজ করবেন অস্কারজয়ী এই তারকা।
‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’এর ব্যাপক সাফল্যকে এবার ব্যাটম্যানকে নিয়ে এককভাবে একটি সিনেমা পরিচালনা করবেন অ্যাফ্লেক। সম্প্রতি সিনেমাকনে এই ঘোষণা দিয়েছেন ওয়ারনার ব্রসের প্রধান কেভিন সুজিহারা।
‘জাস্টিস লিগ’-এর পরিচালক হিসেবে জ্যাক স্নাইডার এবং ‘ওয়ান্ডার উওম্যান’-এর পরিচালক হিসেবে প্যাটি জেনকিন্স-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সুজিহারা আরও বলেন, “আমিও আরও উচ্ছ্বসিত কারণ, ব্যাটম্যানকে নিয়ে একক সিনেমায় আমরা বেন অ্যাফ্লেকের মতো নির্মার সঙ্গে কাজ করবো।”
হলিউড রিপোর্টার বলছে, এই সিনেমাতে ব্যাটমানের চরিত্রে অভিনয়ও করবেন অ্যাফ্লেক।
অ্যাফ্লেকের প্রতিনিধি প্যাট্রিক উইটসেল হলিউড রিপোর্টারকে এক সাক্ষাৎকারে জানান, ‘ডন অফ জাস্টিস’ ছাড়াও ‘জাস্টিস লিগ’ ১ এবং ২-এ ব্যাটম্যানের চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অ্যাফ্লেক। এছাড়া নিজের সিনেমাটির চিত্রনাট্যও লেখা শেষ তার।
এদিকে ২০২০ সালের মধ্যে ১০টির মত সুপারহিরো মুভি উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওয়ারনার ব্রাদার্স। হলিউড রিপোর্টার বলছে, ২০১৮ অথবা ২০১৯ এর শেষের দিকে হয়ত মুক্তি পাবে বেন অ্যাফ্লেক পরিচালিত একক ব্যাটম্যান মুভিটি, তবে এখনও ঠিক হয়নি তারিখ।
অভিনয়ের পাশাপাশি পরিচালনার জন্যেও আলাদাভাবে সমাদৃত অ্যাফ্লেক। ২০০৭ সালে ক্রাইম থ্রিলার ‘গন বেবি গন’এর মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু হয় তার, ২০১২-তে তার পরিচালিত সিনেমা ‘আরগো’ সেরা চলচ্চিত্রের অস্কার অর্জন করেছিল।
