২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের জন্য কণ্ঠ বদল

অভিনেতা শাহরুখ খানের সঙ্গে স্ত্রী গৌরি খানের প্রেমের আখ্যান জানে না এমন বলিউড ভক্ত খুঁজে পাওয়া ভার। পর্দায় যার প্রেম দেখে অনপ্রাণিত হন অনেকেই, সেই শাহরুখ জানালেন, বাস্তব জীবনে একসময় লুকিয়ে প্রেম করতে কম বেগ পেতে হয়নি তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 04:13 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

গৌরির সঙ্গে শাহরুখের বিয়ের দুই যুগ পেরিয়েছে। বিয়ের আগেও পুরো ৬ বছর গোপনে প্রেম করেছেন দুজন। হিন্দু পরিবারের মেয়ে গৌরির সঙ্গে মুসলমান পাঠান শাহরুখের প্রেমের যাত্রা সহজ ছিল না মোটেও।

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে শাহরুখ জানালেন সেই গোপন প্রেমের দিনগুলোর এক টুকরো স্মৃতির কথা।

“তখনকার দিনে তো সবার হাতে মোবাইল ফোন ছিল না, শুধু ল্যান্ডফোন দিয়েই কথা বলা যেত। তাই যখনই আমার গৌরির সঙ্গে কথা বলতে ইচ্ছা করত, আমি তার বাড়িতে ফোন করে মেয়েলি স্বরে কথা বলতাম, কারণ সবসময় তার ভাই ভিক্রান্ত ফোন ধরত। আমি মেয়েলি গলায় বলতাম, ‘হ্যালো, আমি কি গৌরির সঙ্গে কথা বলতে পারি?’ আমার মেয়েলি কণ্ঠ শুনে তার ভাই ভাবত গৌরির কোন বান্ধবী ফোন করেছে।” বলেন শাহরুখ।

প্রত্যেকদিন গৌরিকে ফোন করা সেই মেয়েটি যে শাহরুখ ছিলেন, তা নাকি আজ পর্যন্ত বলা হয়নি গৌরির ভাই ভিক্রান্তকে। শাহরুখ জানান, হয়ত এই অনুষ্ঠান দেখেই সত্যটি জানতে পারবেন ভিক্রান্ত।

১৯৯১ সালে গৌরিকে বিয়ে করেন শাহরুখ, একসঙ্গে তাদের রয়েছে তিন ছেলেমেয়ে—আরিয়ান, সুহানা এবং আব্রাম।