'সুলতান'-এর প্রশংসায় শাহরুখ
একসময়ের শত্রুতা ভুলে আবারও বন্ধুত্বের বাঁধনে জড়িয়েছেন হিন্দি সিনেমার দুই খান- শাহরুখ ও সালমান। কদিন আগেই সামাজিক যোগাযোগের মাধ্যমে শাহরুখের সিনেমা ‘ফ্যান’-এর ট্রেইলার শেয়ার করে নিজের মুগ্ধতা প্রকাশ করেছিলেন সালমান। বন্ধুর প্রতি কৃতজ্ঞতা থেকেই হয়তো এবার সালমানের নতুন সিনেমা ‘সুলতান’-এর টিজার শেয়ার করলেন শাহরুখ।
সোমবার সালমানের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘সুলতান’-এর প্রথম টিজার প্রকাশ পায়। এর পরপরই নিজের টুইটার অ্যাকাউন্টে টিজারটি শেয়ার করেন কিং খান। সেইসঙ্গে সালমানের প্রশংসা করতেও ভোলেননি তিনি।
“হরিয়ানার শের (বাঘ) এসে গেছে... সুলতান ভাইজান!”
আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ সিনেমাটিতে সালমান অভিনয় করেছেন হরিয়ানা প্রদেশের জনপ্রিয় এক কুস্তিগীর সুলতান আলি খান-এর চরিত্রে। টিজারে দেখা যায়, মাঠভর্তি দর্শকের জয়ধ্বনির মধ্য দিয়ে কুস্তির ময়দানে প্রবেশ করছেন সালমান। এরপর এক ঝটকায় প্রতিপক্ষকে ধরাশায়ী করেন ‘বাজরঙ্গী ভাইজান’ খ্যাত এই তারকা। ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় সালমান ছাড়াও থাকছেন আনুশকা শর্মা।
সালমানের এই সিনেমা নিয়ে শাহরুখ খান যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করলেও বক্স অফিসে সম্ভবত ‘সুলতান’-এর সঙ্গেই লড়তে হবে তার সিনেমা ‘রাইস’কে। এই বছরের ঈদ-উল-ফিতরে একইসঙ্গে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এই দুই সিনেমা।
