২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হচ্ছেন শাহিদ

অভিনেতা শাহিদ কাপুর নাকি শিগগিরই বাবা হতে চলেছেন! নবপরিনীতা স্ত্রী মিরা রাজপুতের সঙ্গে বিয়ের বছর না গড়াতেই সুখবরটা এল। শোনা যাচ্ছে, মিরা এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 02:30 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

মুম্বাই মিরর বলছে, শাহিদ কাপুরের বন্ধু প্রযোজক মধু মন্টানার স্ত্রী মাসাবা গুপ্তাই প্রথমে থলের বেড়াল সামনে নিয়ে আসেন। মাসাবা শাহিদের স্ত্রী মিরার সঙ্গে নিজের একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন সম্প্রতি। সেখানে ইঙ্গিতপূর্ণভাবেই লেখা ছিল, মা হতে চলেছেন তাদের দুজনের একজন। মাসাবা গুপ্তার সঙ্গে যোগাযোগের পর নিজের মা হবার খবর হেসেই উড়িয়ে দেন তিনি। তখন সবারই ধারণা হয় মিরার দিক থেকেই আসছে সুখবরটি।

পরে শাহিদ এবং মিরার কাছের এক বন্ধু গণমাধ্যমে নিশ্চিত করেন, নতুন সদস্য আসছে মিরা এবং শাহিদের পরিবারে। ওই বন্ধুটির বরাতে মুম্বাই মিরর জানায় যে মিরা এখন প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা। সন্তানধারনের চিহ্নও দেখা গিয়েছে তার শরীরে।

২০১৫ সালের ৭ জুলাই জমকালো আয়োজনে মিরা রাজপুতের সাথে শাহিদের বিয়ে ছিল ওই বছরের অন্যতম আলোচিত ঘটনা। ঘরোয়াভাবে হওয়া ওই বিয়েতে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজনই উপস্থিত ছিলেন।

পারিবারিক সিদ্ধান্তেই বিয়ে হয় মিরা এবং শাহিদের। বিয়ের পর থেকেই নিজের চেয়ে ১৩ বছরের ছোট মিরাকে খুশি করতে সবই করেছেন শাহিদ। এখন পরিবারের নতুন সদস্যের আগমনে তাদের উচ্ছ্বাস যে বাঁধনহারা, তা বলে দেওয়া যায় চোখ বুঁজেই।

শাহিদ এখন ব্যস্ত অভিষেক চৌবের পরিচালনায় ‘উড়তা পাঞ্জাব’ এবং ভিশাল ভরদ্বাজের সিনেমা ‘রেঙ্গুন’-এর কাজ নিয়ে।